বেজিং: ভালবাসা কখনও কখনও বড় বড় প্রতিশ্রুতিতে নয়, লুকিয়ে থাকে একেবারে ছোট্ট কোনও কথার মধ্যে। বহু বছর আগে স্ত্রী বলেছিলেন, ছোটবেলায় হলিহক ফুল দেখলে তাঁর ভীষণ ভাল লাগত। কথাটি হয়তো বলার সময় স্ত্রী নিজেও ভাবেননি, সেই স্মৃতি এক দিন স্বামীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে উঠবে। কিন্তু ভালবাসার মানুষটির সেই ছোট্ট পছন্দকে হৃদয়ে গেঁথে নিয়েছিলেন চিনের ঝোউ শিয়াওলিন।
তার পর শুরু হয়েছিল এক অসম্ভব স্বপ্নের যাত্রা। স্ত্রীর শৈশবের সেই ফুলের স্মৃতিকে ফিরিয়ে দিতে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দেন ঝোউ। প্রায় ৮০ হেক্টর জমি জুড়ে গড়ে তুলতে শুরু করেন হলিহকের বিশাল বাগান। ফুল চাষের কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না তাঁর। কিন্তু স্ত্রীর মুখের সেই ছোট্ট কথাটাই হয়ে উঠেছিল তাঁর সবচেয়ে বড় প্রেরণা।
২০১৩ সালে স্ত্রী ইন জিয়ে-র সঙ্গে এই নিয়ে কথা হওয়ার পর থেকেই পরিকল্পনা শুরু। কোথা থেকে বীজ সংগ্রহ করতে হবে, কী ভাবে ফুলের চাষ করতে হয়, কোন মাটিতে ফলন ভাল—সবই ধীরে ধীরে শিখেছেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন হলিহকের বীজ। বছরের পর বছর যত্ন, পরিশ্রম আর অপেক্ষার পর এক সময় ফাঁকা জমি বদলে গেল রঙের এক বিশাল সমুদ্রে।
আজ সেই জায়গায় যত দূর চোখ যায়, শুধু ফুল আর ফুল। বিশাল এলাকা জুড়ে ফুটে থাকা হলিহক যেন একসঙ্গে বলে চলেছে—কাউকে ভালবাসলে তাঁর ছোট্ট ইচ্ছেকেও বড় করে দেখা যায়।
এই ফুলের বাগান শুধু একটি উদ্যান নয়। ঝোউ এবং ইন জিয়ের ৩৫ বছরের দাম্পত্যের যেন এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। তাঁদের কোনও সন্তান নেই। কিন্তু জীবনের শূন্যতাকে তাঁরা ভরিয়ে নিয়েছেন প্রকৃতি, ফুল এবং একে অপরের সঙ্গ দিয়ে। আজ সেই বাগানই তাঁদের ঘর, তাঁদের স্বপ্ন এবং তাঁদের ভালবাসার গল্প।
সবচেয়ে আবেগের বিষয়, যে মানুষটির শৈশবের স্মৃতি থেকে এই বাগানের জন্ম, সেই স্ত্রীকেই সঙ্গে নিয়ে আজ সেখানে থাকেন ঝোউ। তাঁদের সঙ্গে রয়েছে পোষ্যরাও। অর্থাৎ, স্ত্রীর বহু বছরের পুরনো একটি স্মৃতি শেষ পর্যন্ত তাঁদের দু’জনের বর্তমান জীবনের অংশ হয়ে উঠেছে।
চিনের সমাজমাধ্যমেও এই কাহিনি ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, আজকের দিনে যখন সম্পর্কের ব্যস্ততায় মানুষের প্রিয়জনের ছোট ছোট কথাই অনেক সময় হারিয়ে যায়, তখন ঝোউ-এর গল্প যেন ভালবাসার অন্য সংজ্ঞা শেখায়।
স্ত্রী হয়তো শুধু বলেছিলেন—“ছোটবেলায় ওই ফুলগুলো আমার খুব ভাল লাগত।” স্বামী সেই কথাকে শুধু শোনেননি, মনে রেখেছিলেন। আর সেই একটি বাক্যের উত্তর দিতে তিনি তৈরি করেছেন ৮০ হেক্টরের ফুলের পৃথিবী।
ভালবাসার হয়তো এর চেয়ে সুন্দর সংজ্ঞা আর কী-ই বা হতে পারে, প্রিয় মানুষটি যে স্বপ্নের কথা ভুলে গিয়েছেন, ভালবাসার মানুষটি সেই স্বপ্নটাকেই নিজের জীবনের কাজ করে নেন।