নিউজ ডেস্ক: মুক্তির আগেই বিশ্বরেকর্ড গড়েছে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার করার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে সিনেমাটি। ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ রেকর্ডের স্বীকৃতি পায় ‘রাকা’।
‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে এ রেকর্ড করেছে সিনেমাটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিংয়ের সময় একসঙ্গে ৩৭ জনের শারীরিক গতিবিধি ধারণ করা হয়। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে সনদ তুলে দেওয়া হয়।
এ বিশাল কর্মযজ্ঞে ব্যবহার করা হয়েছে ৯২টি অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা। এর সঙ্গে ছিল ফেসিয়াল ক্যাপচার, ক্যালিব্রেশন, নেটওয়ার্কিং, সিঙ্ক্রোনাইজেশন এবং রিয়েল-টাইম ভিজ্যুয়ালাইজেশনের ব্যবস্থা। এত বিপুলসংখ্যক পারফর্মারের গতিবিধি একই সময়ে আলাদাভাবে নিখুঁতভাবে ধারণ করাই ছিল প্রযুক্তিগতভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রেকর্ডের জন্য বিশেষভাবে বড় পরিসরের মোশন-ক্যাপচার ব্যবস্থা তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জাম এনে ভারতে নিজেদের মোশন-ক্যাপচার সুবিধা গড়ে তোলা হয়। প্রযুক্তিগত এই আয়োজনকে ‘রাকা’র অন্যতম বড় বৈশিষ্ট্য হিসেবে দেখা হচ্ছে।
প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘রাকা’। সান পিকচার্সের প্রযোজনায় সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি। সিনেমাটিতে ব্যাপকভাবে ভিএফএক্স ও পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তি ব্যবহারের কথা জানা গেছে।
গিনেস রেকর্ড অর্জনের পর আল্লু অর্জুন এটিকে পুরো দলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, অ্যাটলির পরিকল্পনা ও নেতৃত্ব এবং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। অ্যাটলিও জানিয়েছেন, ছোটবেলা থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনলেও নিজের সিনেমার মাধ্যমে সেখানে জায়গা করে নেওয়া তাঁর কাছে বিশেষ অনুভূতির।
এখনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ‘রাকা’। সিনেমাটির মুক্তির বছর ২০২৭ বলে বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে মুক্তির আগেই ৩৭ জন পারফর্মারের একসঙ্গে রিয়েল-টাইম মোশন ক্যাপচারের বিশ্বরেকর্ড গড়ে প্রযুক্তির দিক থেকে আলোচনায় উঠে এসেছে আল্লু অর্জুন ও অ্যাটলির এই সিনেমা।