নীরজ চোপড়ার ১০ বছর পর জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনে ফের পদক ভারতের। ৭৪.০৯ মিটার ছুড়ে রুপো জিতলেন ১৯ বছরের আশিস যাদব । প্রতিযোগিতার তৃতীয় দিনে ভারতের পদকের খাতা খুলল তাঁর হাত ধরেই। জ্যাভলিনে বিশ্ব জুনিয়র মঞ্চে নীরজের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে পদক জয়ের নজির গড়লেন আশিস।
২০১৬ সালে পোল্যান্ডের বাইডগোশচে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ মিটার ছুঁড়ে স্বর্ণপদক জিতেছিলেন নীরজ। সেই সঙ্গে গড়েছিলেন বিশ্ব জুনিয়র রেকর্ডও। যা আজও অক্ষত। পরবর্তী সময়ে দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজই এত দিন পুরুষদের জ্যাভলিনে এই প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদকজয়ী ছিলেন। এক দশক পরে সেই তালিকাতেই নাম লেখালেন তাঁর উত্তরসূরি আশিস।
যদিও সোনা হাতছাড়া হয়েছে সামান্য দূরত্বে। দক্ষিণ আফ্রিকার ইয়ান-হেনড্রিক হেইমান্স ৮০.৫০ মিটার ছুড়ে শেষ পর্যন্ত সোনা জিতে নেন। তাঁর এই থ্রোই চলতি মরসুমে অনূর্ধ্ব-২০ বিভাগে বিশ্বসেরা। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ওই বিশাল দূরত্ব অতিক্রম করেন তিনি। ভারতের আর এক ফাইনালিস্ট টি ধরনীধরন ৭২.৩৫ মিটার ছুড়ে শেষ করেন ষষ্ঠ স্থানে।
গত এক দশকে নীরজের সাফল্যের হাত ধরে জ্যাভলিন অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে উঠেছে ভারতীয় অ্যাথলেটিক্সে। সেই ধারা বজায় রেখেই নতুন সংযোজন আশিসের এই রুপো। নীরজের ঐতিহাসিক সোনার পর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনে ভারতের পদক সংখ্যা এখন দুই। বড় মঞ্চে আশিসের এই সাফল্য যে আগামী দিনের ভারতীয় জ্যাভলিনে আরও বড় প্রত্যাশারই জন্ম দিল তা বলাই বাহুল্য।




