পরিবর্তনের বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে আগামী ১৯ আগস্ট। সেই উপলক্ষে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী ২০ আগস্ট কলকাতায় আসার কথা তাঁর। তিন দিনের এই সফরে দলীয় কর্মসূচির পাশাপাশি একাধিক প্রশাসনিক বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। এমনকি নবান্নে গিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
গত ৪ মে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়। টানা ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বাংলায় সরকার গঠন করে বিজেপি। এরপর ধাপে ধাপে ১০০ দিনের দিকে এগিয়েছে নতুন সরকার। সেই আবহেই অমিত শাহের সম্ভাব্য বঙ্গ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, ২০ আগস্ট কলকাতায় পৌঁছনোর পর ২১ ও ২২ আগস্ট একাধিক দলীয় এবং সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কাজকর্ম এবং সরকারের ১০০ দিনের কাজের পর্যালোচনা হতে পারে। নবান্নে প্রশাসনিক বৈঠকেও তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যে ক্ষমতায় আসার পর সংগঠনের অভ্যন্তরীণ শুদ্ধিকরণেও জোর দিয়েছে বিজেপি। নিচুতলায় তোলাবাজি, দলবিরোধী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই বহু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা রক্ষায় জেলা সভাপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে এবার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটতে পারে বঙ্গ বিজেপি। ফলে অমিত শাহের সম্ভাব্য সফরের মধ্যেই দলের সাংগঠনিক পরিস্থিতি, জেলা নেতৃত্বের ভূমিকা এবং আগামী দিনের রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।