ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়েছেন ১৩ জন ভারতীয় নাবিক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ওই সমুদ্র অঞ্চলে লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চলায় তাঁদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সংঘাত চললেও সম্প্রতি কৃষ্ণসাগরে হামলার মাত্রা আরও বেড়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলেও।
জানা গিয়েছে, এমভি আমির নামে একটি কার্গো জাহাজ বর্তমানে ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে আটকে রয়েছে। জাহাজটিতে মোট ১৫ জন ক্রু সদস্য রয়েছেন, তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। জাহাজের আশেপাশে বারবার ড্রোন ও মিসাইল হামলার সতর্কতা জারি হওয়ায় ক্রুরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনও মুহূর্তে হামলার আশঙ্কায় তাঁরা নিরাপদে জাহাজ ছেড়ে বের হতেও পারছেন না।
নাবিকদের পক্ষ থেকে ভারত সরকার, জাহাজের মালিক সংস্থা এবং যে দেশের পণ্য ওই জাহাজে রয়েছে, তাদের কাছে দ্রুত নিরাপদ উদ্ধারের আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই জাহাজ থেকে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে ক্রু সদস্যদের উদ্বেগ ও অনিশ্চয়তার ছবি ধরা পড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তাঁদের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। স্থলভাগের পাশাপাশি এখন কৃষ্ণসাগরেও সংঘাত তীব্র হয়েছে। সামরিক হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত সপ্তাহেও কৃষ্ণসাগরে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে আসে। এরপর ভারত সরকার ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক বা সংশ্লিষ্ট শিপিং সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে আটকে থাকা ভারতীয় নাবিক ও তাঁদের পরিবারের উৎকণ্ঠা আরও বাড়ছে। এখন সকলের নজর ভারত সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে।