রেশমি ব্যানার্জি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে লাগাতার বৃষ্টির মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার ব্রজলালচকের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন চালক খালাসি সহ প্রায় ২০ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি হলদিয়া থেকে মেচেদার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। ব্রজলালচকের কাছে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার উপরে উল্টে যায় বাসটি। মুহুর্তের মধ্যে বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতাল এবং বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম নিশীথরঞ্জন বাগ(৫৫) এবং গোপাল মাইতি(৪৮)।
সূত্রে খবর, নিশীথরঞ্জন বাড়বাজিতপুরের বাসিন্দা ছিলেন এবং পেশায় স্কুল শিক্ষক ছিলেন। অন্যদিকে মৃত গোপাল মাইতির সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ ঘিরে শুরু হয়েছে তদন্ত। রবিবার থেকেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালেও আবহাওয়ার সেই একই ছবি। ফলে বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে, দুর্ঘটনা জেরে ১১৬ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরানোর ব্যবস্থা করা হয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্ষার মরশুমে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন রাস্তা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ রয়েছে। তারমধ্যে যাত্রীবোঝাই বাস উল্টে দুজনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় ফের প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে।