দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র নিজস্ব থানা। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কাঠামোয় বিরাট বড় পরিবর্তন হলো। নিউ টাউনের এনবিসিসি ভবনের ১৬ তলায় চালু হচ্ছে এই থানা, নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। রাজ্যের সমস্ত এনআইএ মামলার এফআইআর নথিভুক্ত হবে এই থানা থেকেই বলে জানা গিয়েছে।
ইতিপূর্বে পশ্চিমবঙ্গে এনআইএ-র কোনও নিজস্ব থানা ছিলনা। যে কোনো মামলার তদন্তের জন্য দিল্লির সদর দপ্তরে এফ আই আর দায়ের করতে হতো। এর ফলে অতিরিক্ত সময় লাগতো। এবার থেকে আর তার প্রয়োজন পড়বে না। কলকাতাতে বসেই এনআইএর যে কোনো মামলা দায়ের করা যাবে।
প্রসঙ্গত, কলকাতার এনআইএ থানা গঠনের প্রস্তাব বহুদিন আগে থেকেই দেওয়া হয়েছিল। মমতা সরকারের আমলে এর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা রূপায়িত হয়নি। রাজ্যের পালা বদলের পর মন্ত্রিসভায় পুনরায় এই প্রস্তাবটি রাখা হয়। আর তাতেই সরকারিভাবে অনুমোদন মেলে। আর এই অনুমোদনের ফলেই সরকারিভাবে থানা গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নবান্ন থেকে।
২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ মামলার তদন্তের মাধ্যমে পশ্চিমবঙ্গে এনআইএ-র কার্যক্রম শুরু হয়েছিল। সেই ঘটনার ১২ বছর পর রাজ্যে নিজেদের থানা পেল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দেশের অন্যান্য রাজ্যে এনআইএর নিজস্ব থানা থাকলেও কলকাতায় তা ছিল না। এবার কলকাতাতেও এনআই-এর নিজস্ব থানার হল।
রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের একাংশের মতে, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এনআইএর সংক্রান্ত যেকোনো মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ হবে এমনটাই আশা করা যাচ্ছে।




