আপনি কি বাড়ি তৈরি করছেন? রাস্তার উপরেই রেখে দিয়েছেন নির্মীয়মান সামগ্রী! তাহলে হয়ে যান সাবধান। না হলে গুনতে হবে মোটা টাকার জরিমানা। বাড়ি বানানোর নির্মীয়মান সামগ্রী আর ফেলে রাখা যাবে না রাস্তায় ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১-লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি বলেন, বাড়ি নির্মাণের নামে রাস্তা দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখা যাবে না। কারণ রাস্তা সাধারণ মানুষের সম্পত্তি, তাই তা অবরুদ্ধ করলে জরিমানা করা হবে। নির্মাণকাজ চলাকালীন সমস্ত সামগ্রী বাড়ির ভেতরেই রাখতে হবে। এরই পাশাপাশি ফাঁকা জমি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। মন্ত্রী স্পষ্ট বার্তা, কেউ ফাঁকা জমি কিনে দীর্ঘদিন অযত্নে ফেলে রাখতে পারবেন না। কারণ দীর্ঘদিন জমি থাকা অবস্থায় পড়ে থাকলে সেখানে আগাছা ও ময়লা জমছে। ফলে জমির মেন্টেনেন্স করতে হবে জমি মালিককে। অন্যদের হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনোভাবেই নিয়ম বদল করা যাবে না।
এরই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া বার্তা দিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে এলাকা পার্কিং হিসেবে ধার্য করা হবে তার বাইরে গাড়ি পার্কিং করলে তা বরদাস্ত করা হবে না। ফুটপাত দখল করে গাড়ি বা বাইক পার্কিং করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পার্কিং ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে রাজ্য সরকার নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতিও নিচ্ছে বলে জানান তিনি।
নাগরিক স্বার্থে ও সুশৃংখল ভাবে সমস্ত দিক বজায় রাখতে নতুন নিয়ম গুলি কঠোরভাবে চালু করা হচ্ছে। এই নিয়মের বাইরে কোনো কিছু হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।