নৈহাটি থেকে জোকা, দুই প্রান্তের যাত্রীদের জন্য বড় সুখবর। এবার আর বারবার বাস বদলানোর প্রয়োজন নেই। যাত্রীদের জন্য চালু হল সরকারি AC বাস পরিষেবা। রবিবার নৈহাটি বাস টার্মিনাস থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরিবহনমন্ত্রী অর্জুন সিং নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন।
সূত্রে খবর, PPP মডেলে এই রুটে মোট ১০টি AC বাস চালানো হচ্ছে। উদ্বোধনের দিন থেকেই শুরু হয়েছে যাত্রী পরিষেবা। নতুন এই রুটে নৈহাটি বাস টার্মিনাস থেকে বাসটি ছেড়ে শ্যামনগর,ব্যারাকপুর,সোদপুর ,ডানলপ ,দক্ষিণেশ্ব, বিমানবন্দর, চিনার পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা গেট, ওয়েবেল মোড়, টাটা মেডিক্যাল, চিংড়িঘাটা, শিয়ালদা এবং আলিপুর হয়ে জোকায় পৌঁছাবে।
জানা গিয়েছে, প্রায় ৩০ মিনিট অন্তর এই রুটে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ফলে, যাত্রীদের দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হবে না বলেই আশা করা হচ্ছে। বাসের ভাড়াও রাখা হচ্ছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। দূরত্ব অনুযায়ী ন্যূনতম ভাড়া ২৫ টাকা। নৈহাটি থেকে জোকা পর্যন্ত পুরযাত্রায় সর্বোচ্চ ভাড়া ১৩৫ টাকা। ফলে তুলনামূলক কম খরচে উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ কলকাতার দিকে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হল।
এতদিন নৈহাটি থেকে জোকা যেতে যাত্রীদের একাধিক বাস বা যানবাহনের উপর নির্ভর করতে হত। বাস বদলের কারণে সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিও ছিল। বিশেষকরে অফিসযাত্রী ও নিয়মিত যাতায়াতকারীদের জন্য এই নতুন পরিষেবা কার্যকর হতে পারে বলে মনে করা হয়েছে। সব মিলিয়ে নৈহাটিবাসির জন্য এটি নিঃসন্দেহে বড় পরিবহন সুবিধা।