এক সময় বলিউড ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বেশ কিছু মুভিতে সফলতার পর যখন প্রত্যাশামতো কাজের সুযোগ মেলেনি তখনই ইন্ডাস্ট্রিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তিনি। মানসিকভাবে ভেঙেও পরেছিলেন অনেকটাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন অভিনেত্রী।
অভিনেত্রী বলেন, বলিউড যে আমার জন্য নয় সেটা আমি মেনেই নিয়েছিলাম। আমি প্রস্তুতও ছিলাম ফিরে যাওয়ার জন্য। শেষ অব্দি যদি সব ঠিক নাহলে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। তিনি আরো বলেন, একজন শিল্পী পরিচয় তার কাজের মাধ্যমেই হওয়া উচিত। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার হয়ে কথা বলবে। আর তাই কখনো কোনো প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পথে হাঁটিনি।
কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ২০১৯ সালের মুক্তি হওয়া উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'। ছবিটির সাফল্যে ইন্ডাস্ট্রিতে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন ইয়ামি। যেন সেই ছবি তাকে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল নিজের সক্ষমতার উপর।
তিনি জানান, অনেক সময় ই আমাকে বলা হত যে আমার আরো বেশি মানুষের সঙ্গে মেলামেশা ও যোগাযোগ বাড়ানো দরকার। কিন্তু আমি নিজের সত্তার বাইরে গিয়ে এমন কিছু করতে পারতাম না। তাই একপ্রকার মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম অভিনয় ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশ ফিরে যাব।
বর্তমানে ইয়ামি গৌতম বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী। বিষয়ভিত্তিক ও কনটেন্ট-নির্ভর চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বারবার। অভিনেত্রীর মতে, জীবনের কঠিন সময়ে প্রতিনিয়ত সংগ্রামই তাঁকে ধৈর্য, আত্মবিশ্বাস এবং প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কাজের ওপর আস্থা রাখতে শিখিয়েছে।




