মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জঙ্গি হামলার ছক! বর্ধমানের রেনেসাঁ হাউসিং এলাকা থেকে হামিদ মণ্ডল নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি,তাঁর সঙ্গে জইশ-ই-মহম্মদ-এর যোগসূত্র রয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রীর উপর সম্ভাব্য হামলার পরিকল্পনা করছিলেন। এর মধ্যেই শুক্রবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,'বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতারের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে এ নিয়ে কোনও মন্তব্য করব না।' তবে তিনি আরও জানান,শুধু তাঁর উপরই নয়, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাইও জঙ্গিদের নজরে ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। আগামিকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে।'
STF সূত্রে খবর, হামিদের বাড়ি পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে। যদিও দীর্ঘদিন তিনি হাওড়ার পিলখানা এলাকায় থাকতেন। সেখানে একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন।
সম্প্রতি পিলখানার কিছু এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। তারপর তিনি বর্ধমানে চলে যান। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রেনেসাঁ কমপ্লেক্সের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করছিল ধৃত হামিদ। এর পিছনে জইশ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।