নদিয়া, নিউজ ডেস্ক: রাস্তার ধারে তখন শুধু ভিড়। হাতে মোবাইল, মুখে স্লোগান এবং সামনে একটি সাদা গাড়ি। কয়েক মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। আচমকা সেই গাড়িটাকে ঘিরে শুরু হলো ছোড়াছুড়ির অভিযোগ। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
নদীয়ার তেহট্টে দলীয় কর্মসূচিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি বিজেপি কর্মীদের দায়ী করেছেন তিনি। ফেসবুক সহ বিভিন্ন সমাজমাধ্যমে লাইভে এসে তিনি এই পরিস্থিতির ভিডিও প্রচার করেন। প্রকাশ্যে আসা ফুটেজে দেখা যায় গাড়িকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন। চারপাশে উত্তেজিত ভিড় কারও হাতে মোবাইল, আবার কোথাও বিজেপি পতাকা দেখা যাচ্ছে। পুলিশকর্মীদেরও পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে।
মহুয়ার দাবি, দলীয় বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ শুরু হয়। বিজেপি পতাকা হাতে কয়েকজন স্লোগান দিতে দিতে তার গাড়ির দিকে এগিয়ে আসে। এরপর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। শুধু ডিম নয় আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি গাড়ি ও কার্যালয় লক্ষ্য করে সবজি ও পাথর ছোড়ার অভিযোগও তুলেছেন। তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। সমাজ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, এটি তাঁকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশ কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি,সেই প্রশ্ন সামনে আনেন মহুয়া।
তবে, এই ধরনের বিক্ষোভের ঘটনা মহুয়ার ক্ষেত্রে নতুন নয়। এর আগে জুলাই মাসে নদীয়ার পলাশিতে তাঁর দলীয় কার্যালয় ঘিরে ডিম,পাথর ও জুতো ছোড়ার অভিযোগ সামনে এসেছিল। সেই সময়ও পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন নেত্রী। পরে, নিরাপত্তা নিয়ে আদালতের কাছে দারস্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এবার ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।
যদিও, মহুয়ার অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই এবং। বরং স্থানীয় রাজনৈতিক অসন্তোষ এবং তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এই পরিস্থিতি হয়ে থাকতে পারে। সমাজ মাধ্যমে এই ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফলে, তেহট্টের এই ঘটনাকে ঘিরে ফের মুখোমুখি তৃণমূল ও বিজেপি।