বিহার, নিউজ ডেস্ক: বিহারের রাজনীতিতে লালু প্রসাদ যাদবকে ঘিরে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! কোনও মন্দির নয়, নেই কোনও দেবতার মূর্তি- একজন রাজনৈতিক নেতার ছবিতেই হল দুধ দিয়ে অভিষেক। আর সেই দুধের পরিমাণ শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে। একসঙ্গে ২৫১ কেজি দুধ ঢালা হল আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছবিতে। এমনকি, তাঁকে 'কলিযুগের ঈশ্বর' এবং 'কলিযুগের অবতার' বলে দাবি করলেন আরজেডি নেতা কেদারপ্রসাদ যাদব। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম বিহারের রাজনৈতিক মহল।
সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বৈশালী জেলার ভগবানপুরে। জানা গিয়েছে, পন্ডিত অভয় আচার্যের তত্ত্বাবধানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলের মালায় সাজানো হয়েছিল লালুপ্রসাদ যাদবের ছবি। এরপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় দুগ্ধ অভিষেক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালুপ্রসাদের অনুগামী ও সমর্থকরা। তাঁদের চোখে এটি শুধুমাত্র কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কেদারপ্রসাদ যাদবের দাবি, লালু প্রসাদ শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি দরিদ্র, পিছিয়ে পড়া এবং বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর বক্তব্য, সামাজিক ন্যায় বিচারের জন্য লালুপ্রসাদ দীর্ঘদিন লড়াই করেছেন। সেই কারণে বহু মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। আরও একধাপ এগিয়ে লালুর সঙ্গে ভগবান কৃষ্ণের তুলনাও করেন তিনি। তিনি বলেন, দ্বাপর যুগে যেমন কৃষ্ণ অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলেন, তেমনি লালুপ্রসাদ পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তাই, তাঁর কাছে লালু 'ঈশ্বরের সমতুল্য'।
তবে, ঘটনাকে নিয়ে বিতর্কের সম্ভাবনা দেখেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিরোধীদের অভিযোগ একজন রাজনৈতিক নেতার ছবিতে এভাবে ধর্মীয় আচার পালন আসলে, ব্যক্তি পূজার রাজনীতিকে আরও উসকে দিচ্ছে। বিজেপি ও জেডিইউ এই ঘটনাকে হাতিয়ার করে আরজেডির বিরুদ্ধে আক্রমণ আনতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, আরজেডি সমর্থকদের বক্তব্য, নেতার প্রতি আবেগ ও শ্রদ্ধা প্রকাশের নিজস্ব ধরন রয়েছে। তাঁদের কাছে এই অনুষ্ঠানও সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।
ভগবানপুরে এমন আয়োজন অবশ্য এই প্রথম নয়। এর আগেও লালুপ্রসাদ যাদবের জন্মদিন উপলক্ষে কেদারপ্রসাদ যাদব নানা কর্মসূচির আয়োজন করেছিলেন। তবে, এবার ২৫১ কেজি দুধ দিয়ে অভিষেক এবং তাঁকে 'কলিযুগের ঈশ্বর' আখ্যা দেওয়ার ঘটনাটি নতুন করে রাজনৈতিক মহলের নজর কেড়েছে। লালুপ্রসাদ কে ঘিরে সমর্থকদের এই আবেগ আগামী দিনে বিহারের রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।