সরকারি কাজে স্বচ্ছতা এবং আর্থিক বিধি লঙ্ঘন রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে মুখ্য সচিব মনোজ আগারওয়াল একটি কড়া নির্দেশিকা জারি করেছেন, যেখানে স্পষ্ট ভাষায় লেখা এবার থেকে রাজ্যের কোন সরকারি দপ্তর একই সংস্থাকে বারবার কাজের জন্য দরপত্র বা টেন্ডার দিতে পারবেনা। নিয়ম মেনে নির্দিষ্ট সময় অনুযায়ী নতুন করে দরপত্র ডাকতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের বহু দপ্তর প্রায় সই একই সংস্থাকে বারংবার কাজের টেন্ডার দেবার জন্য বা কাজের মেয়াদ বাড়ানোর জন্য অর্থ দপ্তরের অনুমোদন চেয়ে থাকে। অনেক ক্ষেত্রে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে কাজের মেয়াদ বাড়িয়েও নেন তারা। কিন্তু এবার নিয়ম মেনেই ডাকা হবে দরপত্র এবং প্রতিযোগিতার ভিত্তিতেই যোগ্য ব্যক্তিকে কাজের টেন্ডার দেওয়া হবে।
নবান্ন থেকে সরকারি দপ্তর গুলির জন্য বিজ্ঞপ্তিতে মূলত পাঁচটি নির্দেশিকা দেওয়া হয়েছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ - কোনও সংস্থার সঙ্গে চুক্তি শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন দরপত্র ডাকার প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে শুরু করতে হবে। পুরনো কোনও সংস্থার চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনরায় মেয়াদ বাড়ানোর প্রস্তাব কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি নবান্ন থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দর পত্র ডাকা না হলে পরবর্তীকালে কোনরকম অজুহাত গ্রাহ্য হবে না।
কড়া হুশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, যথাযথ অনুমোদন ছাড়া কাজের মেয়াদ বাড়ালে কিংবা নতুন দরপত্র ডাকার ক্ষেত্রে অকারণ বিলম্ব হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ধরনের কাজ আর্থিক নিয়মাবলী চরম উলঙ্ঘন বলে দাবি নবান্নের।