কলকাতা, নিউজ ডেস্ক: ৪৫ কোটির দাবি উড়িয়ে প্রযোজক সংগঠনকে আদালতের হুঁশিয়ারি রণবীর সিংয়ের। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের আকস্মিক প্রস্থানকে কেন্দ্র করে তৈরি হওয়া সংঘাত এবার চরম আকার ধারণ করেছে।
ছবি থেকে অভিনেতার সরে দাঁড়ানোর আট মাস পেরিয়ে গেলেও আর্থিক ক্ষতির অভিযোগ নিয়ে জলঘোলা থামেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, প্রযোজনা সংস্থা ও অভিনেতার এই দ্বন্দ্বের রেশ পৌঁছেছে চলচ্চিত্র প্রযোজকদের শীর্ষ সংগঠন ‘ইম্পা’-র অন্দরমহলে।
সূত্রের খবর, একেবারে শেষ মুহূর্তে রণবীর ছবিটি ছেড়ে দেওয়ায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের। ক্ষতিপূরণ হিসেবে অভিনেতার কাছ থেকে ৪৫ কোটি টাকা দাবি করে প্রযোজক সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন ফারহান-রিতেশ।
এর প্রেক্ষিতে গত ১৮ আগস্ট এক শুনানিতে মুখোমুখি হয় দুই পক্ষের আইনি প্রতিনিধিদল। তবে বৈঠকে রণবীর সিংয়ের আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আর্থিক ও চুক্তি সংক্রান্ত বিবাদের মীমাংসা করার কোনো আইনি এক্তিয়ার ইম্পা-র নেই।
অভিনেতার পক্ষের যুক্তি, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তাঁর শুধুমাত্র একটি প্রাথমিক সমঝোতা স্মারক বা ‘মউ’ স্বাক্ষর হয়েছিল, কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক চুক্তিপত্র হয়নি। ফলে প্রযোজকদের দাবির কোনো আইনি ভিত্তি নেই এবং এ ধরনের বিরোধের নিষ্পত্তি একমাত্র আদালতই করতে পারে। একই সঙ্গে রণবীরের আইনি দল সাফ হুঁশিয়ারি দিয়েছে যে, ইম্পা যদি একতরফাভাবে অভিনেতার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ বা প্রস্তাব পাশ করে, তবে তারা অবিলম্বে আদালতের দ্বারস্থ হবেন।
যদিও প্রযোজক সংগঠনের একাংশের মতে, ছবির কাজ শুরুর মুখে এভাবে অভিনেতা পিছিয়ে যাওয়ায় তাঁকে জবাবদিহির আওতায় আনা উচিত। তবে পুরো পরিস্থিতি বিবেচনা করে এখনই চূড়ান্ত কোনো পদক্ষেপে যাচ্ছে না সংগঠন। ইম্পা-র সভাপতি অভয় সিনহা জানিয়েছেন, দুই পক্ষের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে এবং সংগঠনের লিগ্যাল টিম বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ফলে আলোচনার মাধ্যমে কোনো রফাসূত্র না মিললে, বলিউডের এই হাই-ভোল্টেজ সংঘাত খুব দ্রুতই প্রকাশ্য আইনি লড়াইয়ের রূপ নিতে চলেছে।