নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রত্যাবর্তন করলেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় ১৮ বছর পর। তার তৈরি পোশাকের বৈচিত্র ও পরিবেশনের নাটকীয়তা নজর কেড়েছেন তিনি। দীর্ঘদিন র্যাম্প থেকে দূরে থাকলেও এখনও তিনিই শ্রেষ্ঠ তা বুঝিয়ে দিয়েছেন।
রানওয়েতে স্প্রিং স্টুডিয়োর জানলা দিয়ে আসা রোদ গায়ে মেখেই সব্যসাচীর ‘বেঙ্গল বাইজ়েনটাইন ব্রডওয়ে’ কালেকশন পরে র্যাম্পে হাঁটলেন একের পর এক মডেল। এই শোয়ে তিনি নিজের ছক নিজেই ভাঙলেন। মূলত ভারী জমকালো, রঙিন, সোনালি নকশার ব্রাইডাল লেহঙ্গা, শাড়ি বা গাউনের জন্য সব্যসাচী পরিচিত। কিন্তু সেসব কিছুই ছিল না এ বারের শো-তে। বরং রানওয়ে জুড়ে ছিল ডেনিম, সাদা শার্ট, ঢিলেঢালা ব্লেজ়ার, রকমারি টুপির মতো রোজকার ওয়ারড্রোবের চেনা সব পোশাক। এমন পোশাক, যা আপনিও চাইলে পরতে পারেন রোজ। এটাই হয়তো নিজের ফ্যাশন ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ড বানানোর উদ্দেশ্যে সব্যসাচীর প্রথম ধাপ। এই ফ্যাশন শো-এ স্প্রিং আর সামার ২০২৭ কালেকশনের একটি ঝলকও দেখিয়েছেন সব্যসাচী।
শো-এর শুরুরটাই ছিল ব্যতিক্রম। ক্রিস্টি টার্লিংটন শো ওপেন করলেন; পরনে ডেনিম প্যান্ট, ডেনিম শার্ট, ডেনিমের লং জ্যাকেট। ক্রিস্টির সাজ এক দিকে ভীষণ স্বচ্ছন্দের, অন্য দিকে কায়দারও বটে। পুরো শো জুড়েই ছিল ডেনিমের নানা রূপ— ক্লাসিক জিন্স, ভেস্ট, পশ্চিমী পোশাকের ঝলক। তার সঙ্গে হাতে বোনা ডিটেল, এমব্রয়ডারি করা জ্যাকেট, কাউ-প্রিন্ট প্যাচ, কাউবয় হ্যাট। ক্রিস্টির গলায় ছিল শো-স্টপার ‘প্যান্টোক্রেটর পেনডেন্ট’। ডেনিমের পোশাকের সঙ্গেও যে এত ভারী সোনা আর রত্নখচিত গয়না মানাতে পারে, তারই প্রমাণ দেখালেন সব্যসাচী। সাধারণ ডেনিম লুকটাকেই তিনি করে তুললেন অসাধারণ। ভারতীয় বেশের সঙ্গে আমেরিকার পোশাকের একটা সুন্দর মেলবন্ধন করিয়েছেন পোশাকশিল্পী। তাঁর কথায়, "বাংলা এখানে সাংস্কৃতিক চশমার কাজ করেছে, বাইজ়েনটাইন ধরে রেখেছে মিশ্র সাংস্কৃতিক পরিসরের অসামান্য ইতিবৃত্ত আর ব্রডওয়ে এই কাহিনিটিকেই বর্তমানে নামিয়ে এনেছে।”
এই শো দিয়েই রানওয়েতে ডেবিউ হল নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের সঙ্গে সব্যসাচীর মাল্টি-ইয়ার হাই-জুয়েলারি কোলাবরেশনের। গোটা ফ্যাশন শো-এ প্রশংসিত হয়েছে সব্যসাচীর গয়নার সম্ভার। বাইজ়েনটাইন প্রভাবটা সবচেয়ে বেশি স্পষ্ট গয়নায়। মেটের কালেকশন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে তৈরি হয়েছে এই গয়না। বাইজ়েনটাইন-অনুপ্রাণিত কাফ, প্রাচীন ভূমধ্যসাগরীয় গয়না থেকে অনুপ্রাণিত পেনডেন্ট, এমনকি মোগল সম্রাট জহাঙ্গীরের রাশিচক্রের মুদ্রা থেকে অনুপ্রাণিত নেকলেসও ছিল মডেলদের অঙ্গে।
নিউ ইয়র্কের ফ্যাশন উইকে সব্যসাচীর এই প্রত্যাবর্তনের দিন দেখা গেল বলিউডের অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। সব্যসাচীর যে কোনও বড় ইভেন্টেই বন্ধুর পাশে থাকেন রানি। ছিলেন অনাইতা শ্রফ আদাজানিয়া, পূর্ণা জগন্নাথন, প্রভাল গুরুং প্রমুখ।