আপাতত গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শুক্রবার, তাঁর রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে তদন্তের স্বার্থে সহযোগিতা করতে হবে সুমিতকে।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশ মেনে তিনি ভবানী ভবনে হাজিরা দেন এবং শনিবার থেকে সিআইডি তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে। শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। এরপরই শীর্ষ আদালত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখার কথা ঘোষণা করে।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির অভিযোগে নাম জড়ানোর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতকে হাজিরার জন্য একাধিকবার নোটিস দিয়েছিল সিআইডি। তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর সেই আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি এবং জরুরি শুনানির আর্জিও জানিয়েছেন। সেখানে মেলে রক্ষাকবচ।
এর আগে একাধিক দফায় ভবানী ভবনে হাজিরা দিয়েছেন সুমিত রায়। আমফানের ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, মাটি চুরি, জমি দুর্নীতি, চাকরি দেওয়ার নামে প্রতারণার মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যের একাধিক থানায় FIR দায়ের হয়েছে।