রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই শাখাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল নবান্ন। দুর্নীতি দমন শাখায় ৩জন অভিজ্ঞ আইপিএস অফিসারসহ আরও ১৬জন পুলিশ আধিকারিককে নিয়োগ করা হয়েছে।মুরলিধর শর্মা,আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেন।১৬জন আধিকারিকের মধ্যে বেশিরভাগই এসআই পদমর্যাদার। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ পাত্র,দীপঙ্কর সরকার,সৌমেন বিশ্বাস ও সঞ্জয় কুমার মণ্ডলের মতো আধিকারিকেরা।মঙ্গলবার সকাল ১০টায় নবনিযুক্ত এই অফিসারদের দুর্নীতি দমন শাখায় কাজে যোগ দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারী ও আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অনিয়মের তদন্ত করে থাকে এই দুর্নীতি দমন শাখা।তৃণমূলের আমলে আমফান, সেবাশ্রয়-সহ একাধিক সরকারি প্রকল্পে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠে, যেখানে একাধিক সরকারি আধিকারিকের নাম জড়ায়। এই শাখাকে পুনর্গঠন করায় তদন্ত দ্রুত এগোবে এবং অভিযুক্তদের নাম প্রকাশ্যে আসবে।সম্প্রতি এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, সরকারি আধিকারিকরা টাকা নিলেই জেল হবে।সরকারি কর্মচারীদের দুর্নীতির কারণে যাতে নতুন তৈরি হওয়া সরকারকে কোনো বিপাকে পড়তে না হয়, সেই উদ্দেশ্যেই নবান্ন দুর্নীতি দমন শাখাকে সক্রিয় করে তোলার এই সিদ্ধান্ত নিয়েছে।