টাকার লোভ বড় লোভ! আর সেটা যদি বিদেশ হয়? সেই লোভে যে কেউই গেঁথে যেতে পারেন। ঘটনাটি এরকম--বিদেশে মোটা টাকার চাকরির প্রতিশ্রুতি। সেই ‘টোপ’ পেয়ে পর্তুগালে যান এক ভারতীয় তরুণী। সে দেশে নিয়ে যাওয়ার পর তাঁকে এক মদের দোকানির কাছে বিক্রি করে দেওয়া হয়। এমনকি, তরুণীর কাছ থেকে ১১লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনার বিরুদ্ধেই অভিযোগ করেন ওই তরুণী। পুলিশ সূত্র জানাচ্ছে, ওই তরুণী নাগপুরে থাকেন। গত মাসে স্যোশাল মিডিয়াতে ‘উই মাইগ্রেট’ সংস্থার খোঁজ পান। চাকরির আশায় সংস্থাটিতে যোগাযোগ করেন ওই তরুণী।
সূত্র জানাচ্ছে সংস্থাটি তাঁকে পর্তুগালে মাসিক 'দেড় লক্ষ' টাকার চাকরির প্রতিশ্রুতি দেয়। তরুণীকে বলা হয়েছিল, তাঁকে ক্যাশিয়ার হিসাবে কাজ করতে হবে। কাজের সময় দৈনিক আট ঘণ্টা। এরপর ভিসার খরচ এবং অন্যান্য নথিপত্রের পরীক্ষার নামে তাঁর কাছ থেকে সংস্থাটি ১১লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ জানান।তরুণী। তিনি আরও বলেন পর্তুগালে পৌঁছানোর পরই সেখানকার ‘এজেন্টরা’ তাঁর পাসপোর্ট কেড়ে নেন। এমনকী দু’দিন ধরে তাঁকে একটি ঘরে বন্দি করে রাখা হয় বলেও অভিযোগ।
তরুনী জানান এরপর তাকে এক বিয়ারের দোকানের মালিকের কাছে 'বিক্রি করে দেওয়া হয়।' তিনি অভিযোগ পত্রে জানান, সেখানে তাঁকে অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অত্যাচার সহ্য করে তরুণী পালানোর ছক কষেন। তারপর,প্রথমে লুকিয়ে বাসে করে লিসবন,পরে সেখান থেকে মাদ্রিদ হয়ে বিমানে দোহা পৌঁছন তিনি। সেখানে থেকে তিনি ভারতে ফেরেন।