এসআইআর-এ ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষের আবেদনের নিষ্পত্তি নিয়ে এবার নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত ট্রাইবুনালগুলিতে কতগুলি আবেদন জমা পড়েছে, তার মধ্যে কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি আবেদন এখনও বিচারাধীন, সেই সংক্রান্ত তথ্য কমিশনকে জানাতে বলেছে শীর্ষ আদালত।
SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নাম বাদ পড়া ভোটারদের নিয়ে শুরু হয় বিতর্ক। নাম বাদ যাওয়ার কারণ নিয়ে আপত্তি জানিয়ে বহু মানুষ ট্রাইবুনালের দ্বারস্থ হন। কমিশনের তরফে জানানো হয়েছিল, বাদ পড়া ভোটারদের আবেদনের শুনানি ও নিষ্পত্তির জন্য একাধিক ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইবুনালগুলিতে আবেদনকারীদের নথি যাচাই করে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।
প্রথম দিকে ট্রাইবুনালগুলির মাধ্যমে কতগুলি আবেদন নিষ্পত্তি হচ্ছে, তার পরিসংখ্যান নিয়মিতভাবে সামনে আসছিল। কোন সংখ্যক আবেদন মঞ্জুর হয়েছে, কতগুলি খারিজ হয়েছে— সেই তথ্যও প্রকাশ করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে ট্রাইবুনালগুলিতে মোট কতগুলি আবেদন নিষ্পত্তি হয়েছে, সেই বিষয়ে কমিশনের কাছে নির্ভুল ও আপডেটেড তথ্য নেই বলে আদালতে বিষয়টি উঠে আসে।
এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্ট জানতে চায়, ২৭ লক্ষ আবেদনের মধ্যে এখনও পর্যন্ত ঠিক কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি, কতগুলি আবেদন মঞ্জুর হয়েছে এবং কতজনের নাম ফের ভোটার তালিকায় যুক্ত হয়েছে, সেই তথ্যও কমিশনের কাছে চাওয়া হয়েছে। আগামী ২৫ আগস্ট ফের এই মামলার শুনানি।