প্রবল বৃষ্টির জেরে নয়ডা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সদ্য নির্মীয়মান অংশে জল জমা কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ঘটনায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করেন বিজেপি সরকারকে।
মঙ্গলবার প্রবল বৃষ্টিতে জেওয়র বিমানবন্দরের টার্মিনাল থেকে পার্কিং এলাকার মাঝের রাস্তায় সাময়িকভাবে জল জমে যায়। বিমানবন্দরের কর্মীরা জল সরানোর কাজ শুরু করেন।
বুধবার সকালে এই ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে অখিলেশ যাদব লেখেন, 'এবার কি বিমানবন্দরে নৌকা চলবে? যেখানে বিজেপি সরকার, সেখানেই মেগা দুর্নীতি!'
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করেন, অতিরিক্ত বৃষ্টির ফলে সাময়িক জল জমে গিয়েছিল। দেখামাত্রই দ্রুত জল নামানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৩০ মিনিটের মধ্যেই জল সরানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে।
পাশাপাশি উত্তর প্রদেশ সরকার জানিয়েছে অতি ভারী বৃষ্টির কারণে টার্মিনাল ও পার্কিং এলাকার মাঝের রাস্তায় সাময়িক জল জমে গিয়েছিল। কিন্তু এতে বিমান পরিষেবা বা যাত্রী চলাচল ব্যাহত হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছিল।
বেশ কয়েক মাস আগে উদ্বোধন হওয়া গ্রিন ফিল্ড বিমানবন্দরটি উত্তর প্রদেশ সরকারের সঙ্গে সরকারি এবং বেসরকারি মিলিত চুক্তিতে তৈরি হয়েছে। উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই বৃষ্টিতে জল জমার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।