রবিচন্দ্রন অশ্বিনের কাছে ক্ষমা চেয়ে নিলেন অর্শদীপ সিং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা ৫ জন বোলারকে বেছে নিয়েছেন ভারতের তারকা পেসার। দক্ষতা আর প্রতিভার বিচারে তিনি বেছে নিয়েছেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনকে। তবে অশ্বিনকে পঞ্চম স্থানে রাখায় মজার ছলেই ক্ষমাও চেয়ে নিলেন অর্শদীপ। এমনকি এও জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে বার্তাও পাঠাবেন অশ্বিনকে।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অর্শদীপ বলেন, “ভুবি ভাই ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় বোলার। তাই হয়তো একটু পক্ষপাতিত্ব করে ফেলেছি। সেই কারণেই ওঁকে এক নম্বরে রাখলাম। এর পর শামি ভাই। যে কোনও উইকেটে বল সিম করানোর অসাধারণ ক্ষমতা রয়েছে ওঁর। নিখুঁত সিম পজিশন আর দুর্দান্ত বোলিংয়ের জন্য শামিকে দ্বিতীয় স্থানে রেখেছি।”
তৃতীয় স্থানে অর্শদীপ রেখেছেন বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে। তাঁর কথায়, কুলদীপের মতো বিরল দক্ষতার বোলার খুব কমই দেখা যায়। চতুর্থ স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। পঞ্জাব দলে একসঙ্গে খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরে অর্শদীপ বলেন, চাহালের উইকেট নেওয়ার রেকর্ডই তাঁর দক্ষতার প্রমাণ।
সবশেষে রবিচন্দ্রন অশ্বিনকে পঞ্চম স্থানে রাখলেও তাঁর প্রশংসায় কোনও খামতি রাখেননি অর্শদীপ। তিনি বলেন, “অশ্বিন ভাইকে শেষ স্থানে রাখতে চাইনি। কিন্তু আর কোনও জায়গা ছিল না। উনি অসাধারণ বোলার। আইপিএলে পঞ্জাবের হয়ে খেলতে গিয়ে অশ্বিন ভাই-ই ছিলেন আমার প্রথম অধিনায়ক। তাই দুঃখিত, অশ্বিন ভাই। আমি ব্যক্তিগতভাবে আপনাকে মেসেজ করব।”
তবে উল্লেখযোগ্য বিষয় এই যে, বর্তমানে ভারত তথা বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার জশপ্রীত বুমরাহ-ই জায়গা পাননি অর্শদীপের প্রথম পাঁচে। যেখানে বুমরাহকে নিয়ে স্তুতি গোটা বিশ্বজুড়ে সেখানে তাঁরই সতীর্থ অর্শদীপ কেন নিজের পছন্দের তালিকায় রাখেননি তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এ দিকে অর্শদীপ নিজেও নেই টিম ইন্ডিয়ার টেস্ট দলে। সাদা বলের ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও, অর্শদীপকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে নামছেন শুভমান গিলরা।