নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে কবাডির মঞ্চে ফের দাপট ভারতের। মঙ্গলবার গ্রুপ-এ-র ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল সুনীল কুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল। তোকোই সিটিজেন্স জিমনেশিয়ামে এ দিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। প্রথমার্ধেই তিন বার কোরিয়াকে অলআউট করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে ভারত। বিরতিতে স্কোর ছিল ৩৪-১৪। অর্থাৎ ২০ পয়েন্টের বড় ব্যবধান নিয়েই দ্বিতীয়ার্ধে নামে ভারত।
রেইডিংয়ে এ দিন দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের রেইডাররা মোট ৩৮ পয়েন্ট সংগ্রহ করেন। বিপরীতে কোরিয়ার রেইডারদের ঝুলিতে আসে ২৩ পয়েন্ট। প্রথমার্ধে ভারত ২৩টি রেইড পয়েন্টের পাশাপাশি ৭টি বোনাস পয়েন্ট পায়। অন্যদিকে শক্তিশালী ভারতীয় ডিফেন্সের সামনে বার বার থমকে যায় কোরিয়ার আক্রমণ। প্রথমার্ধে কোরিয়ার রেইডাররা মাত্র ১০টি টাচ পয়েন্ট তুলতে সক্ষম হয়েছিলেন। ফলে ম্যাচের প্রথম ২০ মিনিটেই কার্যত এটা স্পষ্ট হয়ে যায় যে, কোনদিকে যাচ্ছে ফলাফল।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কোরিয়া। তবে ভারতের তৈরি করা বড় ব্যবধান কমানোর মতো ধারাবাহিকতা দেখা যায়নি তাদের খেলায়। বরং দ্বিতীয়ার্ধেও ভারত আরও ২৯ পয়েন্ট তুলে নেয় এবং আরও এক বার অলআউট করে প্রতিপক্ষকে। পুরো ম্যাচে ভারত মোট ১৭টি বোনাস পয়েন্ট সংগ্রহ করেছে। আক্রমণ ও রক্ষণের এই ভারসাম্যই শেষ পর্যন্ত ভারতকে ৩২ পয়েন্টের বড় জয় এনে দেয়। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে গ্রুপে নিজেদের অবস্থানও মজবুত করল ভারত।
এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে আয়োজক জাপানকে ২৫ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিল ভারত। এ বার কোরিয়াকেও বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ-এ-র শীর্ষে রয়েছে তারা। বুধবার ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। গত কয়েকটি এশিয়াডে পুরুষদের কবাডিতে ভারতের আধিপত্য স্পষ্ট। গত ১০টি আসরের মধ্যে ৯ বারই সোনা জিতেছে ভারত। এ বারও সাফল্যের সেই ধারাই ধরে রাখার লক্ষ্য সুনীলদের। তবে দিল্লি এখনও বহুদূর। বাকি অনেক ম্যাচ। তাই গ্রুপ পর্বের এই দাপটকে পদকের লড়াইয়ে কতটা কাজে লাগাতে পারে ভারত, নজর থাকবে সেদিকেই।