অসমে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কমেনি দুর্ভোগ। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত বন্যায় ১০০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে।শনিবার থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও বহু এলাকা এখনো জলের তলায়।
চরাইদেও, দারাং, গোলাঘাট, শিবসাগর, যোরহাট, কার্বি আংলং এবং নওগাঁও মোট সাত জেলায় প্রায় ১ লক্ষ ৩৭ হাজার মানুষ বন্যার কবলে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে প্রায় ৭০ হাজার মানুষ আটকে। শিবসাগরে প্রায় ৪০ হাজার এবং যোরহাটে প্রায় ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রশাসন জানিয়েছে যে সকল জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। ছয়টি জেলা মিলিয়ে মোট ১২৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৪৫৬ টি গ্রাম এখনো প্লাবিত। ১২ হাজার হেক্টর জমি ও ফসল নষ্ট হয়ে গেছে। রাজ্যের বড় নদীগুলির জল এখনও নামেনি।
স্থানীয় সূত্রে খবর জল নেমেছে কিছু জায়গায়। কিন্তু পরিস্থিতি এখনো ঠিক হয়নি। বেশিরভাগ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। যে কটা ঘর অক্ষত আছে তা বাসযোগ্য নয়। স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগলেও প্রশাসনের আশা এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠবে অসম।