পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ির সামনে বোমাবাজি। রবিবার গভীর রাতে পর পর বোমাবাজির ঘটনা ঘটে। বাইকে করে এসে একাধিক বোমা মারা হয় বলে অভিযোগ। দু’টি বোম ঘটনাস্থলেই ফেটে যায়। এমনকি, আরও একটি বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় প্রবল আতঙ্কিত নির্মল ঘোষের পরিবার।
এদিকে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং লটারির এক কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগে গ্রেফতার হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে। বর্তমানে
তীর্থঙ্কর ঘোষ এখন পুলিশ হেফাজতে। তাঁকে গতকাল অর্থাৎ শনিবার সকালে খড়দহ থানার পুলিশ এলাকায় ঘুরিয়েছিল। তাঁকে দেখে এলাকায় ‘চোর চোর’ স্লোগান ওঠে। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।
পানিহাটি বিধানসভার কার্যত দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন তৃণমূলের নির্মল ঘোষ। মাঝে একবার বাদ দিলে ১৯৯৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ধরে তিনি পানিহাটির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ দীর্ঘদিন তৃণমূল সরকারের নিয়ন্ত্রণে থাকা রাজ্য বিধানসভার মুখ্য সচেতকের পদও সামলেছেন তিনি ৷ মাথার উপরে বাবার হাত থাকায় ছেলে তীর্থঙ্কর ঘোষও শিল্পাঞ্চলে তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত হয়ে উঠছিলেন ৷ রাজ্যে পালাবদল হতেই নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে পানিহাটির বাসিন্দারা সরব হন ৷ এরপরেই পুলিশের হাতে গ্রেফতার হয় তীর্থঙ্কর ঘোষ।