নিউজ ডেস্ক: বাঁকুড়ার ইন্দাসের করিশুণ্ডায় CJP সদস্য শেখ আব্দুল হাফিজের বাবা শেখ মহম্মদ মাফিকের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নতুন মোড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় তাঁর বাড়িতে পৌঁছলেন CJP সদস্য আব্দুল হাফিজ। ঘটনাকে ঘিরে ফের রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে আব্দুল হাফিজের সঙ্গে কথা বলেছিলেন। তাঁকে অভিযোগ সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে কলকাতায় দেখা করার পরামর্শও দেওয়া হয়েছিল।
ইন্দাসের করিশুণ্ডা গ্রামে গত ১৩ অগস্ট আব্দুল হাফিজের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে CJP-র কর্মসূচিতে যোগ দেওয়ার পর এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে সরব হওয়ার পর তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই রাতেই কয়েক জন তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। আব্দুল পালিয়ে বাঁচলেও তাঁর বাবা শেখ মহম্মদ মাফিক গুরুতর আহত হন। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনায় প্রথমে আট জনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশের গ্রেফতারের সংখ্যা আরও বেড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। CJP-র পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, অভিযুক্তদের সঙ্গে বিজেপির সাংগঠনিক যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।
এদিকে আব্দুল হাফিজের পরিবারের দাবি, তাঁরা ক্ষতিপূরণ চান না। বরং তাঁর বাবার নামে একটি ভালো স্কুল তৈরি করা হোক,এমন আবেদনই সামনে এসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আব্দুলের এই সাক্ষাৎ ইন্দাস-কাণ্ডে রাজনৈতিকভাবে নতুন মাত্রা যোগ করবে?