শিলিগুড়ি, নিউজ ডেস্ক: শিলিগুড়ির (Siliguri) প্রশাসনিক মহলের সামনে ফের সোমবার আচমকায় উত্তেজনার আবহ তৈরি হয়। হাতে প্লে কার্ড, স্লোগান এবং একাধিক দাবিকে সামনে রেখে জমায়েত হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নির্বাচন প্রক্রিয়া ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাব চেয়ে সরব হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে মহকুমা শাসকের দফতরের (SDO) চত্বরেও মোতায়েন রাখা হয় নিরাপত্তা রক্ষী।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে দার্জিলিং (Darjeeling) জেলা কংগ্রেস। মূলত নির্বাচন সংক্রান্ত একাধিক অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচি বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনবিধি এবং ভোট পরিচালনার প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে। সেই সমস্ত অভিযোগের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এর পাশাপাশি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধেও সরব হন কংগ্রেস কর্মী সমর্থকেরা। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেফতারের দাবিও তোলা হয়। যদিও এই দাবিগুলি কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও অভিযোগের অংশ। নির্বাচন কমিশনারের (ECI) তরফে বিভিন্ন সময়ে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গুলি নিয়ম মেনেই নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিক্ষোপকারীদের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা নিরসন প্রয়োজন। ভোটার তালিকা সংশোধনসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে অভিযোগগুলি উঠেছে সেগুলি খতিয়ে দেখে স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। কংগ্রেসের (Congress) পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধু রাজনৈতিক স্তরে আলোচনা নয় অভিযোগ গুলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত অভিযোগের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও দাবি জানানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে অভিযোগ গুলির যথাযথ নিষ্পত্তি প্রয়োজন।
এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়ির (Siliguri) মহকুমা শাসকের দফতরের চত্বরে রাজনৈতিক উত্তাপও দেখা যায়। বিক্ষোভকারীরা নিজেদের দাবির পক্ষে স্লোগান দেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের দাবি জানান। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই কারণে প্রশাসনের তরফে আগের থেকেই নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) গ্রেফতার ও অপসারণের দাবিতে কংগ্রেস দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদের আহ্বান দিয়েছে। সেই কর্মসূচির আবহে শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলের নতুন করে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
