কলকাতা, নিউজ ডেস্ক: পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদে অভিনব উদ্যোগ সিপিএমের। এবার বই নিয়ে পাড়ায় পাড়ায় পৌঁছে গেলেন সিপিএমের নেতা-কর্মীরা। রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি। সিপিএম সূত্রে খবর, এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। বই বিক্রির পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
রবিবার যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের সামনে থেকে এই কর্মসূচির সূচনা হয়। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে বই বিক্রির উদ্যোগ নেওয়া হয়। ভ্যানের উপরে সাজানো বইয়ের স্টল টেনে নিয়ে যেতে দেখা যায় অভিনেতা দেবদূত ঘোষকে। চলমান বুকস্টল দেখে উৎসাহ নিয়ে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। মাইকে প্রচার করে জানানো হয়, বারবার বইয়ের স্টলে আঘাত আসার কারণেই এই উদ্যোগ। এই বিষয়ে অভিনেতা দেবদূত ঘোষ জানিয়েছেন, বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। সমাজজীবনে বইয়ের সঙ্গে মানুষের যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচাতেই বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা।
শুধু যাদবপুর নয়, কলকাতার পাশাপাশি জেলায় জেলায় দেখা গেল এই চেনা ছবি। রাজ্যের বিভিন্ন জেলাতেও এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিপিএম। ঠেলা, ভ্যান, সাইকেল কিংবা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন দলের কর্মী-সমর্থকরা। বিধাননগর, চম্পাহাটি, বারুইপুর, খেজুরি, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, শিলিগুড়ি-সহ একাধিক এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে। নভেম্বর মাসজুড়েই বই নিয়ে মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বামেদের। রাজনৈতিক মহলের মতে, বইয়ের স্টলে হামলার প্রতিবাদকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন সাংস্কৃতিক পরিসরে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে সিপিএম।
দুর্গাপুজোর সময় সিপিএমের বুকস্টলে বুলডোজার চালানোর ঘটনায় রাজ্য জুড়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙতে রীতিমতো বুলডোজার নিয়ে আসা হল! বই হাতে নিয়ে রুখে দাঁড়ান মানুষ। এবার বুকস্টল ভাঙা, বই ছেড়ার প্রতিবাদে চলমান বুক স্টলের আয়োজন করল সিপিএম।




