'রিমঝিম রিমঝিম/রুমঝুম রুমঝুম....' কী ভাবছেন,বৃষ্টির মরশুমে রোম্যান্টিক মেজাজে দিন কাটবে? খিচুড়ি-ইলিশভাজা খেয়ে একটা হাল্কা ঘুম? তাহলে আবহাওয়ার খবরটা জেনে নিন--আলিপুর আবহাওয়া দপ্তর ও আইএমডি (IMD)-র সাম্প্রতিক খবর অনুযায়ী, মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা এবং উত্তরবঙ্গ সংলগ্ন ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে বর্ষা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আজ, ৪ঠাআগস্ট দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ৫ই আগস্ট থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও উচ্চ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আগামীকাল ৫ইআগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির (২০০মিমি-র বেশি) আশঙ্কা করা হচ্ছে। প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার চরম ঝুঁকি রয়েছে।
পাশাপাশি তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বজ্রপাতের সময়ে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।