স্পোর্টস ডেস্ক: নাম আছে। ইতিহাস আছে। আছে জনপ্রিয়তাও। কিন্তু আর্থিক সমস্যায় ধুঁকছে হকি ইন্ডিয়া লিগ। সেই লিগকে নতুন করে চাঙ্গা করতে এ বার উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার হকি ইন্ডিয়ার আধিকারিক এবং লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৈঠকে লিগের আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে লিগকে আর্থিকভাবে স্বনির্ভর ও টেকসই করার জন্য একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
ক্রীড়া মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে এইচআইএলের সামনে সবচেয়ে বড় সমস্যা আর্থিক স্থায়িত্ব। লিগকে কী ভাবে লাভজনক এবং দীর্ঘমেয়াদি ভাবে চালানো যায়, সেই বিষয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বক্তব্য শোনেন মাণ্ডব্য। সংশ্লিষ্ট পক্ষগুলির উদ্বেগ ও সমস্যাগুলিও তাঁর কাছে তুলে ধরা হয়। এরপরই হকি ইন্ডিয়া এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে সমন্বয় করে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দেন তিনি। শুধু আগামী মরশুমের জন্য নয়। ভবিষ্যতেও যাতে নিয়মিতভাবে লিগ আয়োজন করা যায়, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা তৈরি হবে।
এই কাজের জন্য ৫ সদস্যের একটি কমিটিও গড়ে দেওয়া হয়েছে। কমিটির মূল দায়িত্ব হবে এইচআইএলের জন্য একটি নতুন প্রশাসনিক ও আর্থিক কাঠামোর প্রস্তাব তৈরি করা। কী ভাবে লিগের আয় বাড়ানো যায়, ফ্র্যাঞ্চাইজিগুলির আর্থিক চাপ কমানো যায় এবং প্রতিযোগিতাটিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায়, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবে কমিটি। হকি ইন্ডিয়ার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সমন্বয় আরও বাড়ানোর বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পাবে।
ভারতীয় হকির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই হকি ইন্ডিয়া লিগ। দেশের পাশাপাশি বিদেশের একাধিক তারকা হকি খেলোয়াড়কে একই মঞ্চে দেখা গিয়েছে এই প্রতিযোগিতায়। ফলে লিগের পুনরুজ্জীবন শুধু ফ্র্যাঞ্চাইজি হকির ক্ষেত্রেই নয়, ভারতীয় হকির সামগ্রিক পরিকাঠামোর জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন ৫ জন সদস্যের কমিটি কী প্রস্তাব দেয়, তার দিকেই নজর। সেই প্রস্তাবের ভিত্তিতেই ঠিক হতে পারে আর্থিক সঙ্কটে থাকা এই লিগের ভবিষ্যৎ পথরেখা।