কলকাতা, নিউজ ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ফের আশার আলো। চলতি বছরের সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ হচ্ছে না, তা কার্যত নিশ্চিত। তবে সফরটি একেবারে বাতিল হচ্ছে না বলেই ইঙ্গিত মিলেছে। একটি নামী সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতেই ঢাকায় পা রাখতে পারে ভারতীয় দল। তবে শেষ পর্যন্ত সফরটি হবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুই দেশের সরকার এবং ক্রিকেট বোর্ডের আলোচনার উপর। ফলে আপাতত আশাবাদ থাকলেও পুরো বিষয়টিই রয়েছে অনিশ্চয়তার মধ্যে।
৪ বছর আগে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় দল। তার পর ২০২৫ সালের জুলাইয়ে ফের বাংলাদেশে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে সেই সফর আর হয়নি। পরবর্তী সময়ে অবশ্য বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের তরফে একাধিক বার ভারতকে সফরের আমন্ত্রণ জানানো হয়। এ বার চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে না। কারণ ওই সময় ভারতীয় দলের সূচিতে রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ।
উক্ত সংবাদ সংস্থার দাবি, আগামী জানুয়ারি মাসে শুভমান গিলদের পদ্মাপারে পাঠানোর বিষয়ে দুই দেশের সরকার ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও চাইছে, নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচনা হোক ভারত-বাংলাদেশ সিরিজ দিয়েই। তবে সফরের দিনক্ষণ, ম্যাচের সংখ্যা কিংবা সিরিজের চূড়ান্ত সূচি এখনও নিশ্চিত হয়নি। বোর্ডগুলির পাশাপাশি দুই দেশের সরকারের সবুজ সংকেতই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্রিকেটীয় সূচির চেয়ে এ ক্ষেত্রে কূটনৈতিক সমীকরণই হয়ে উঠছে বড় ফ্যাক্টর।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ভারত-বিরোধী আবহের জেরে ভারতীয় দলের সফর নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পূর্ববর্তী মহম্মদ ইউনুস সরকারের সময়ে নয়াদিল্লি-ঢাকা সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। তবে চলতি বছর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেট-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যাচ্ছে। সেই আবহেই ফের ভারতীয় দলকে বাংলাদেশে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে না হলেও জানুয়ারিতে সিরিজ আয়োজনের রাস্তা খুললে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।