কলকাতা, নিউজ ডেস্ক: শুরুতেই নিজেদের শিরোপার দাবিদার হিসেবে জানান দিল ভারত। এএইচএফ জুনিয়র পুরুষ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ১৪-০ গোলে উড়িয়ে দিল ৫ বারের চ্যাম্পিয়ন ভারত। শনিবার পুল এ-র ম্যাচে এক কথায়, দাঁড়াতেই পারেনি ইন্দোনেশিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ভারতের ইয়ং ব্রিগেড কার্যত বুঝিয়ে দিল, গতবারের সাফল্য ধরে রাখার লক্ষ্যেই তারা মাঠে নেমেছে। এ দিন অধিনায়ক আনমোল এক্কা, প্রভদীপ সিংহ এবং অজিত যাদব, এই ত্রয়ীর দাপটেই এসেছে মোট ১২টি গোল।
ভারতের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন প্রভদীপ। হ্যাটট্রিক-সহ একাই ৫টি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অধিনায়ক আনমোলের নামের পাশে ৪টি গোল। আর অজিত যাদব করেন ৩টি গোল। বাকি দু’টি গোল করেন হরপাল এবং আশু মৌর্য। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রভদীপের গোলে এগিয়ে যায় ভারত। তিন মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান হরপাল। ইন্দোনেশিয়ার রক্ষণ তখন কার্যত দিশেহারা। একের পর এক আক্রমণে তাদের সার্কেলের ভিতরে ঢুকে পড়ছিলেন ভারতের ফরোয়ার্ডরা।
দ্বিতীয় কোয়ার্টারেও একই ছবি। ১৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আনমোল গোল করেন। ৪ মিনিট পরে অজিত যাদবের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। এর পর প্রবদীপের জোড়া গোল। যথাক্রমে ২৬ এবং ৩০ মিনিটে। ফলে প্রথমার্ধ শেষ হয় ৬-০ ব্যবধানে। বিরতির পরেও আক্রমণের গতি কমেনি ভারতের। সেট-পিসে আনমোল ছিলেন বিশেষ কার্যকর। ৩৫ এবং ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দু’টি গোল করে নিজের হ্যাটট্রিক নিজের পূরণ করেন ভারত অধিনায়ক। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে প্রভদীপ আরও একটি গোল করায় ভারত ৯-০ এগিয়ে যায়।
শেষ ১৫ মিনিটে যেন গোলের বন্যা বইয়ে দেয় ভারত। ৫১ মিনিটে আনমোল নিজের চতুর্থ গোলটি করেন। তার ঠিক এক মিনিট পরে প্রভদীপ করেন নিজের পঞ্চম গোল। ৫৩ মিনিটে অজিত যাদব পর পর দু’বার বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ততক্ষণে স্কোর ১৩-০। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশু মৌর্য গোল করে ব্যবধান ১৪-০ করেন। প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় ভারতের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে, তা বলাই যায়। শিরোপা ধরে রাখার অভিযানে শুরুতেই প্রতিপক্ষদের জন্য কঠিন বার্তা দিয়ে রাখল ভারত।