স্পোর্টস ডেস্ক: কথায় বলে, 'বাপ কা বেটা'। বাবা বীরেন্দ্র সেহবাগের মতোই ব্যাট হাতে ঝড় তুললেন ছেলে আর্যবীর। আর তাঁর আগ্রাসী ইনিংসের সুবাদেই অজিদের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ সিরিজ জিতে নিল ভারত। সোমবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেই খেলায় ক্যাঙ্গারুদের ১০৩ রানে হারিয়ে যুব ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ২০ ওভারের হয়েছিল। সেই ম্যাচে ভারত জিতে নেয় ৭ রানে। তবে দ্বিতীয় ম্যাচে ৫০ ওভারে ৭ উইকেটে ভারতের ৩৪১ রানের জবাবে মাত্র ৪১.১ ওভারে সফরকারীরা গুটিয়ে গেল ২৩৮ রানেই।
বাবার ভঙ্গিতেই ভারতীয় ইনিংসের ভিতটা তৈরি করে দেন আর্যবীর। ওপেন করতে নেমে মাত্র ৪৮ বলে ৪৭ রান করেন তিনি। তাঁর মারকুটে ইনিংসটি সাজানো ৯টি চার দিয়ে। অধিনায়ক লক্ষ্মী রায়চন্দানির সঙ্গে প্রথম উইকেটে ৪৬ রান তোলেন সেহবাগ-পুত্র। পরে ভিকে বিনীতের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ৫৫ রান। তবে এর পরই রান বাড়ানোর চক্করে রানআউট হয়ে ফিরতে হয় আর্যবীর সেহবাগকে। ব্যক্তিগত অর্ধশতরান হাতছাড়া হলেও তাঁর আগ্রাসী ব্যাটিংই বড় স্কোরের মঞ্চ তৈরি করে দেয় ভারতকে। যেন বাবার ব্যাটিংয়ের পুরনো ছায়াই দেখা গেল ছেলের ব্যাটে।
যদিও এ দিন সে অর্থে ভারতীয় ব্যাটিংয়ের নায়ক আসলে অন্য দুজন। তাঁরা হলেন যশবর্ধন চৌহান ও ভিকে বিনীত। তৃতীয় উইকেটে দু’জনে যোগ করেন ১৩২ রান। চৌহান মাত্র ১০০ বলে ১২২ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও দু’টি ছক্কা। অন্যদিকে বিনীত ৯২ বলে করেন ৮৭ রান, মেরেছেন ছ’টি ছক্কা ও চারটি চার। শেষ দিকে কুশাগ্র ওঝার ২০ বলে ৩৪ রান ভারতকে পৌঁছে দেয় সাড়ে তিনশোর প্রায় দোরগোড়ায়। অস্ট্রেলিয়ার হয়ে থমাস ভাসেও ৩টি এবং প্যাট্রিক সুলিভান ২টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে অবশ্য শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাথু লফ ৪২ এবং অধিনায়ক জ্যাক চোজনেক ৬৩ বলে ৮১ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ভারতীয় বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে ভেঙে দেন সেই প্রতিরোধ। চিগুরুপতি ভেঙ্কট ৬৪ রানে তিন উইকেট নেন। কাব্য প্যাটেল এবং শতরানকারী যশবর্ধন চৌহান পান ২টি করে উইকেট। মোহিত উলভা, মানাল চৌহান এবং যশবীর গৌড়ও একটি করে উইকেট নেন। ২৩৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ৮ ওভারেরও বেশি বাকি থাকতে ১০৩ রানে জয় পায় ভারত। বুধবার সিরিজের তৃতীয় তথি অন্তিম ম্যাচ। তার পর দুই দল খেলবে ২টি ৪ দিনের যুব টেস্ট।