ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। এবার এই ঘটনা কেন্দ্র করে ঝাড়খণ্ডের বিধানসভা ঘেরাও করবে ছাত্ররা।তারিখও তারা নির্দিষ্ট করে দিয়েছে--১০ই আগস্ট।এই মতামতকে, বলা ভাল ছাত্রদের সমর্থনে বৃহস্পতিবার,অর্থাৎ ৬ই আগস্ট ঝাড়খণ্ড বিধানসভার বাদল অধিবেশন শুরুর ঠিক আগে বিরোধী দল বিজেপি বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের বক্তব্য এই আন্দোলন ভারতের ছাত্র আন্দোলনগুলির অন্যতম।
রাজধানী রাঁচিতে গতমাসে থেকে কয়েক হাজার ছাত্র প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-র পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের প্রসঙ্গ নিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন।
একই সঙ্গে দাবি জানিয়েছেন কমিশনের পরিকাঠামোগত সংস্কার করতে হবে। এছাড়াও পরীক্ষা বাতিল করতে হবে এবং বাইরের রাজ্যের বিচারক দিয়ে প্যানেল গঠন করে নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে সিবিআই তদন্তের জন্যও ছাত্ররা আওয়াজ তোলেন। তার কারন তারা সিআইডি তদন্তে আস্থা রাখতে পারছেন না।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি নেতা, বিধায়ক নবীন জয়সওয়াল মন্তব্য করেছেন 'সরকার একটি কমিটি গঠন করেছে। কিন্ত কেউ সিআইডি এবং কমিটির ওপর ভরসা রাখতে পারছেন না। তদন্তটি সিবিআই দ্বারা হওয়া দরকার। '
এই আন্দোলন সমর্থন করে বিজেপির অন্য এক বিধায়ক নীরা যাদব কটাক্ষ করেছেন 'কংগ্রেস দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় একধরনের মুখোশ পড়েছিল, ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের সময় আরেক মুখোশ পড়েছে।' এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ছাত্ররা ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রা করেছেন। এখন তাদের দাবি হেমন্ত সরেনের পদত্যাগ!