নিউজ ডেস্ক: ভারতীয় রাজনীতির অন্যতম বর্ষিয়ান নেতা লাল কৃষ্ণ আডবাণী। তাকে চেনেন না এমন কোনও মানুষ নেই। একসময় তাঁর নেতৃত্বেই জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে উঠে এসেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই প্রবীণ রাজনীতিক তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ৯৯ বছরে পা দিলেন। তবে এবছর তার জন্মদিনের বিশেষত্ব হলো তার জন্মদিনের দিনেই আলোর উৎসব দীপাবলি। তাই এই বিশেষ দিনটিতেই একসাথে দুই উৎসবের আনন্দ। যারা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি করেছে।
https://x.com/narendramodi/status/2119256223451406337
১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠার পর দলের সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। একাধিকবার দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন। বিশেষ করে ১৯৮০-র দশকের শেষভাগ এবং ১৯৯০-এর দশকে তাঁর নেতৃত্বে বিজেপির রাজনৈতিক বিস্তার নতুন মাত্রা পায়। ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রাম রথযাত্রা শুরু করেন তিনি। সেই যাত্রা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান আডবাণী। পরবর্তীকালে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়।
এ বছর আডবাণীর ৯৯তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন। একটি নিবন্ধে আডবাণীর রাজনৈতিক জীবন, বিজেপির সাংগঠনিক বিস্তারে তাঁর ভূমিকা এবং অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে আডবাণীর প্রচারে নিজের সহযোগিতার অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই সর্বত্রই প্রবীণ এই নেতাকে নিয়ে জয়জয়কার শুরু হয়েছে।
আডবাণীর জন্মদিন উপলক্ষে দিল্লির বিজেপির দলীয় কার্যালয় বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং আডবাণীর কন্যা প্রতিভা আডবাণী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই পুজো হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় আডবাণীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
দীপাবলির আলোর উৎসবের দিনেই ৯৯তম জন্মদিন। দেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশকের পথচলা পেরিয়ে জীবনের শতবর্ষে প্রবেশ করলেন লালকৃষ্ণ আডবাণী। তার জন্মদিনকে ঘিরে উৎসবের আবহ চারিদিকে।




