কৃষ্ণনগর, স্নিগ্ধা চৌধুরী: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। ভারতীয় সেনা, জওয়ান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, একাধিক বার সমন পাঠানো সত্ত্বেও মহুয়া মৈত্র হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস বুধবার এই পরোয়ানা জারি করেন। মামলাটি করেছিলেন কৃষ্ণনগরের নাজিরাপাড়া এলাকার বাসিন্দা চয়ন নন্দী। তাঁর আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, মামলার শুনানির জন্য মহুয়া মৈত্রকে একাধিক বার সমন পাঠানো হয়েছিল। তাঁকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু কোনও শুনানিতেই তিনি উপস্থিত হননি।
মামলাকারীর অভিযোগ, মহুয়া মৈত্র বিভিন্ন সময়ে ভারতীয় সেনা ও জওয়ানদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়াও মহিলাদের তুলসী মালা, বোরখা ও হিজাব পরানো এবং মহিলাদের শালীনতা হরণের মতো বিষয় নিয়েও তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আদালতের দ্বারস্থ হন চয়ন নন্দী।
মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, বার বার সমন জারি হওয়ার পরেও সাংসদ আদালতে হাজির না হওয়ায় শেষ হাজিরার দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কৃষ্ণনগরের জেএম তৃতীয় আদালতের বিচারক দিব্যেন্দু দাসের এজলাসেই এই নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। মহুয়া মৈত্রের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।