আইপিএলে দেখা যাবে মহম্মদ আমিরকে? পাকিস্তানের প্রাক্তন পেসার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। প্রথমে 'দ্য হান্ড্রেডে'র নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবেই নাম তুলেছিলেন আমির। তবে বর্তমানে পাকাপাকিভাবে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর স্থানীয় ক্রিকেটার হিসেবেই খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে। আর তাতেই নতুন করে শুরু হয়েছে আইপিএল জল্পনা।
২৬/১১ মুম্বই হামলার পর ২০০৯ সাল থেকে আইপিএলে আর দেখা যায়নি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে। তবে ব্রিটিশ নাগরিক হওয়ায় আমিরের ক্ষেত্রে সেই সমীকরণ বদলাতে পারে বলেই মনে করছেন অনেকে। আইপিএলের নিয়ম অনুযায়ী তিনি চাইলে নিলামে নাম তুলতে পারবেন। কিন্তু সেই সম্ভাবনা নিয়ে এখনই খুব বেশি ভাবতে রাজি নন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার।
'দ্য হান্ড্রেড' চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য পাকিস্তান সুপার লিগ। তিনি বলেন, "২০২৭ সালে বিদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে খেলব। আইপিএলে খেলব কি না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। ভবিষ্যতে ভাবব।" অর্থাৎ আইপিএলের দরজা খোলা থাকলেও আপাতত সেদিকে পা বাড়াতে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।
অবশ্য এই পথ একেবারেই নতুন নয়। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলেছিলেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঞ্জাব কিংসের জার্সিতে মাঠে নামার পাশাপাশি কয়েকটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেন তিনি। আমিরের ক্ষেত্রেও একই ছবি দেখা যাবে কি না, সেই উত্তর সময়ই দেবে। তবে আপাতত সমস্যা দেখা দিতে পারে তাঁর পিএসএল খেলা নিয়েই।
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকে যেহেতু আমির আর এখন পাকিস্তানের স্বদেশি ক্রিকেটার হিসেবে গণ্য হবেন না, ফলে তাঁকে খেলতে হবে বিদেশি কোটায়। যে ইঙ্গিত তিনি নিজেও দিয়েছেন। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য একটি বিদেশি স্লট খরচ করতে চাইবে কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। সব মিলিয়ে এক উভয় সংকট পরিস্থিতির মধ্যে রয়েছেন ৩৪ বছরের পেসার। এ বার জল কোনদিকে গড়ায় তা সময়ই বলবে।