ঋষভ পন্থের কোচের ভূমিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না পন্থ। তাই আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে রাঁচিতে পৌঁছে গিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। সেখানে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির তত্ত্বাবধানে অনুশীলন করছেন তিনি। ধোনির পাশাপাশি পন্থের অনুশীলনে রয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার শাহবাজ নাদিমও। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল একাধিক ভিডিওতে অনুশীলনের নানা মুহূর্তের পাশাপাশি ধোনির ফার্মহাউস থেকে দু'জনকে একসঙ্গে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে।
আগামী ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নামবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সফরে শুভমন গিলের দলের মিডল অর্ডারে বড় ভরসা পন্থ। স্পিন-সহায়ক শ্রীলঙ্কার উইকেটে ভারতের সাফল্যের অন্যতম চাবিকাঠি হতে পারেন বাঁহাতি ব্যাটার। সেই কারণেই সফরের আগে নিজের ব্যাটিং ও ম্যাচ প্রস্তুতিকে আরও নিখুঁত করে তুলতে চাইছেন তিনি।
সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি পন্থকে। ধারাবাহিক রান না পাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তাই শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বাড়তি পরিশ্রম করছেন ভারতীয় তারকা। উপমহাদেশের স্পিন-বান্ধব পরিবেশে ধোনির অভিজ্ঞতা ও পরামর্শ তাঁর কাজে লাগবে বলেই মনে করছে ক্রিকেট মহল।
স্পিন খেলার দক্ষতা এবং উপমহাদেশের সারফেসে উইকেট কিপিংয়ের সূক্ষ্মতা বোঝার ক্ষেত্রে ধোনিকে সেরাদের অন্যতম সেরা বলে মনে করা হয়। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পন্থের। প্রয়োজনমতো পরামর্শও নিয়ে থাকেন তিনি। তবে শুধু লাল বল নয়। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজের পুরনো ছন্দ ফিরে পেতে প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহের সঙ্গেও আলাদা করে অনুশীলন করছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার।