নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতে মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন নেতা, যাঁকে স্মরণ করলেই শ্রদ্ধায় মাথা নত হয় এবং গর্বে মাথা উঁচু হয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে কোচবিহারের মহারাজাদের নাম কলঙ্কিত করতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নিশীথের দাবি, কোচবিহারের মহারাজাদের বিরুদ্ধে ওঠা নেতাজির অপমান করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর অভিযোগ, এই ধরনের প্রচারের মাধ্যমে শুধু কোচবিহারের রাজপরিবারকেই নয়, গোটা রাজবংশী সমাজকেও কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি বাঙালি ও রাজবংশীদের মধ্যে বিভেদ তৈরির পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে এই বিভেদ আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ নিশীথের। তাঁর প্রশ্ন, “এ কেমন রাজবংশী, যে রাজবংশী হয়ে রাজবংশীদের খুনি সাব্যস্ত করার চেষ্টা করছে? এ কেমন রাজবংশী, যে কোচবিহারের মহান রাজাদের খুনি ও দোষী প্রমাণ করার চেষ্টা করছে?” এই ধরনের প্রচারের পিছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান বিজেপি নেতা।