বেপরোয়া গতির জের! কলকাতা থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটর সুমন শেখের। সোশাল মিডিয়ায় 'সুমন রাইডার' নামে পরিচিত। বাইক রাইডিং ছিল তাঁর নেশা। অনুগামীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার ওই রাইডার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত বেনিদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন সুমন। বাবার নাম সালাম শেখ। জানা গিয়েছে, কনটেন্ট তৈরির কাজের জন্য তিনি কলকাতায় গিয়েছিলেন। কাজ সেরে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাইকে বাড়ি ফিরছিলেন সুমন। সেই সময় নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অত্যন্ত দ্রুত গতিতে ছিল তাঁর বাইক। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন সুমন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।