ভারতীয় দলের সহকারী কোচের পদ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্বে রায়ান টেন দুশখাতে। টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের সহযোগীর পদ থেকে বিদায় নেওয়ার পরই তিনি যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্সে। ৩ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে নিয়োগ করেছে হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজি পদে। এর ফলে আরও একবার নাইট রাইডার্স পরিবারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কে ফিরলেন প্রাক্তন ডাচ অলরাউন্ডার।
একটি বিবৃতিতে কেকেআর জানিয়েছে, গোটা নাইট রাইডার্স নেটওয়ার্কের ক্রিকেট কৌশল নির্ধারণ, প্রতিভা অন্বেষণ, ক্রিকেটার নিয়োগ, দল গঠন এবং পারফরম্যান্স মূল্যায়নের দায়িত্বে থাকবেন দুশখাতে। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফদের সঙ্গে সমন্বয় রেখে এক অভিন্ন ক্রিকেট দর্শন গড়ে তোলার কাজও করবেন তিনি। শুধু তাই নয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনিবাগো নাইট রাইডার্স, আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স এবং মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবেও কাজ করবেন তিনি।
নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "দুশখাতেকে আবার নিজেদের পরিবারে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ক্রিকেট দর্শন সম্পর্কে ওর গভীর জ্ঞান এবং আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা এই দায়িত্বের জন্য ওকে আদর্শ পছন্দ করে তুলেছে। নাইট রাইডার্সের আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।" অন্যদিকে নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত টেন দুশখাতে জানিয়েছেন, বিশ্বজুড়ে নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিং ও অ্যানালিটিক্স দলের সঙ্গে কাজ করে স্কাউটিং, ক্রিকেটার গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট কৌশল তৈরি করার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত।
নাইট রাইডার্সের সঙ্গে টেন দুশখাতের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১১ সালে ক্রিকেটার হিসেবে কেকেআরে যোগ দিয়ে ২০১২ ও ২০১৪ সালের আইপিএলজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরে ২০২২ সালে কোচিং স্টাফ হিসেবে যোগ দেন। ২০২৪ সালে কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপা জয়ের নেপথ্যেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। এ বার আরও বড় দায়িত্ব নিয়ে নাইট শিবিরে তাঁর প্রত্যাবর্তন, যা ভবিষ্যতের বৈশ্বিক পরিকল্পনায় কেকেআরের বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।




