ইসলামপুরে ভয়াবহ শুটআউট। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় সর্বত্র। দিনের আলোতে রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হলেন স্কুলের প্রধান শিক্ষক। উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার সকালে ভয়াবহ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভয়াবহতার সৃষ্টি করে।
পুলিশের সূত্রে জানা গিয়েছে ওই জখম শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এইদিন সকালেও তিনি স্কুলের উদ্দেশ্য রওনা হয়েছিলেন। কিন্তু মাদারিপুর এলাকায় পৌঁছাতে অকস্মাৎ একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ করে গুলি করেন। হটাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় ইসলামপুর থানায়।
স্থানীয় বাসিন্দারাই তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়াতে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। পরে বেসরকারি নার্সিংহোমে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। নিহত শিক্ষকের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, তিনি অনেক শান্তিপ্রিয় মানুষ ছিলেন। কারুর সাথেই তার কোনো শত্রুতা ছিল না কখনোই।
তবে ভরদুপুরে এইরকম একটি ভয়াবহ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা। কী কারণে ওই শিক্ষককে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের তথ্য ও অন্যান্য সুত্র খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার পর থেকেই গোটা এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।