কলকাতা, নিউজ ডেস্ক: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের। এবার সুমিতের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে তাঁকে গ্রেফতার করতে আর কোনও আইনগত বাধা রইল না পুলিশের। আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ জানায়, সুমিতকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সঠিক ভাবে সাহায্য করেননি।
শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। ওই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন হাই কোর্ট খারিজ করে দিয়েছিল। তার পরে সুপ্রিম কোর্টে যান সুমিত। কিন্ত সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। বুধবার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে।
শুনানিতে সুমিত রায়ের আইনজীবী রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ধরেন। তিনি আরও জানান, সুমিত রায়ের নাম এফআইআরে ছিল না। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর করা হয়েছে বলেও আদালতে দাবি করেন তিনি। রাজনৈতিক লড়াইয়ের মধ্যে বারবার আদালতকে টেনে আনা উচিত নয় বলেও সওয়াল করেন সুমিতের আইনজীবী।
পাল্টা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ খুব পরিষ্কারভাবে জানিয়ে দেন, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তদন্তে সহযোগিতা করেননি তিনি।
তবে শেষ পর্যন্ত দুই পক্ষের রায় শুনে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেনি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।