নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'তৃণমূলের পাপের সীমা নেই, এমনভাবে ভোট করুন, যাতে এই ছিন্নমূলের লোকেরা প্রত্যেকের জামানত জব্দ হয়, একটারও যেন জমানত না থাকে।' এমনকি, প্রচারমঞ্চ থেকেই কারও নাম উল্লেখ না করে ‘বড় চোর’ বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের জেল হেফাজতের প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু। সুমিত রায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, 'সুমিত রায় জেলে। বড় চোরও জেলে যাবে।' যদিও ‘বড় চোর’ বলতে কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করে জানাননি তিনি। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, শুভেন্দুর বক্তব্যের নিশানায় রাজ্যের শাসকদলের কোনও শীর্ষ নেতা রয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে দুই কেন্দ্রে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। তাই উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন নন্দীগ্রামবাসী। তবে ওই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। অন্যদিকে, নওদা ও রেজিনগর থেকে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তিনি রেজিনগর আসনটিট ছেড়ে দেন। সেইমতো আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রেও উপনির্বাচন হবে। ৯ অক্টোবর ফল ঘোষণা। ফলে ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়ছে তৎপরতা। রেজিনগরের ভোটাররা শেষ পর্যন্ত কোন পক্ষের উপর আস্থা রাখেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোট নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। তার আগে নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করে নেয় মমতা-তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে। তারপরই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস প্রার্থীকে নন্দীগ্রামে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল নন্দীগ্রামে। সোমবার কংগ্রেসের প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সোমবার সন্ধ্যায় নন্দীগ্রামের দাউদপুর মুসলিম এলাকায় প্রচারে গিয়েছিলেন বামফ্রন্টের সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি।
