নৈহাটি পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন বিধায়ক ভয় দেখিয়ে একাধিক জমি দখল করেছে, রয়েছে তোলাবাজিরও অভিযোগ। শনিবার ভোরে দত্তপুকুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই বাড়িতে নৈহাটি থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই প্রাক্তন বিধায়ককে গ্ৰেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন থেকেই প্রাক্তন বিধায়ক সনৎ-দের বিরুদ্ধে তোলাবাজি এবং অন্যের জমি ভয় দেখিয়ে দখল করে নেওয়ার অভিযোগ ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেও প্রাক্তন বিধায়কের নাম সামনে আসে।
প্রসঙ্গত, ২০২৪ এর উপ নির্বাচনে নিজের বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক অভিযোগকে ঘিরে তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। স্থানীয়দের ক্ষোভ তৈরি হয় তার বিরুদ্ধে। তার গাড়িতে লক্ষ্য করে বেশ কিছুদিন আগে ডিম ছোঁড়া হয়।
ইতিপূর্বে সনৎ দে-র বাড়ি এবং ওষুধের দোকানেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু সেই সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে দত্তপুকুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্ৰেপ্তারের পর সনৎ দে কে নৈহাটি থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করবে পুলিশ। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।




