শিলিগুড়ি, পিউ নন্দী: ৩ দিনের উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে শিলিগুড়ি, সুকনা, রানিডাঙা ও কাওয়াখালিতে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় কর্মসূচি রয়েছে তাঁর। তবে অমিত শাহের উত্তরবঙ্গ সফরকে স্বাগত জানালেও, আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি নিশ্ছিদ্র করার দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তিনি স্পষ্ট জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যে কোনও প্রান্তে যেতেই পারেন, এবং তা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। তবে একই সঙ্গে তাঁর জোরদার সওয়াল, জাতীয় সুরক্ষার স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত সম্পূর্ণ সিল করতে হবে এবং তাদের অবিলম্বে ফেরত পাঠাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত-নেপাল ও বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং দিনহাটা সহ বিভিন্ন এলাকায় এসটিএফ-এর হাতে পাক গুপ্তচর চক্রের সদস্যদের ধরা পড়ার মতো স্পর্শকাতর আবহে তিন দিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তাঁর এই সফরের মূল লক্ষ্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’-এর সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দীর্ঘদিনের পাহাড় সমস্যার স্থায়ী সমাধান খোঁজা।
সফরসূচি অনুযায়ী, ২১ আগস্ট সেনা আধিকারিকদের সঙ্গে সীমান্ত সুরক্ষা পর্যালোচনা বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিনে বিএসএফ ও এসএসবি-র অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। পাশাপাশি শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে দেশের নতুন তিনটি ফৌজদারি আইনের ওপর একটি আইনি প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন অমিত শাহ।
এরপর ২২ আগস্ট মুখ্যমন্ত্রী ও সাংসদ রাজু বিস্তার পাশাপাশি বিমল গুরুং, রোশন গিরি, মন ঘিসিং এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি সর্বদলীয় বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।