হুগলির মগরায় মর্মান্তিক দুর্ঘটনা। মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। বৃহস্পতিবার মধ্যরাতে মগরার গজঘণ্টা এলাকার মালিকপাড়ায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম গৌর মালিক (৫৬) এবং তাঁর মেয়ে মাম মালিক (১২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী মারা যাওয়ার পর মেয়ে মামকে নিয়ে ওই মাটির বাড়িতেই থাকতেন গৌর। পেশায় তিনি সব্জি বিক্রেতা। স্থানীয়দের দাবি, মাম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার রাতে দু’জনেই বাড়ির ভিতরে ঘুমোচ্ছিলেন। আচমকাই মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে বিছানার উপর পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়েন বাবা ও মেয়ে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় মগরা থানায়। পুলিশের উপস্থিতিতে ভেঙে পড়া দেওয়ালের নীচ থেকে গৌর ও মামের দেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে।
স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে মাটির বাড়িটির ভিত আলগা হয়ে গিয়েছিল। সেই কারণেই দেওয়াল ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, গৌরের নামে মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আবাস যোজনায় বাড়ি বরাদ্দ হলেও সেই বাড়ি তৈরির জন্য পুরো টাকা পাননি তিনি। ফলে পাকা বাড়ির কাজ শেষ করতে পারেননি। মাটির বাড়িতেই মেয়েকে নিয়ে বসবাস করতে হচ্ছিল তাঁকে।
স্থানীয়দের অভিযোগ, আগের সরকারের আমলে বাড়ি বরাদ্দ হলেও টাকা পেতে দীর্ঘসূত্রিতা হয়েছিল। মাস ছয়েক আগে একটি কিস্তির টাকা পেয়েছিলেন গৌর। সেই টাকা দিয়ে বাড়ির কিছুটা অংশ নির্মাণ করেছিলেন। কিন্তু পাকা বাড়িতে আর থাকা হল না তাঁর।
আবাস যোজনার টাকা নিয়ে স্থানীয়দের এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। একদিকে টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে বাবা-মেয়ের মৃত্যু, অন্যদিকে পাকা বাড়ি তৈরির টাকা না পাওয়ার অভিযোগ দুইয়ের জেরে প্রশ্নের মুখে প্রশাসনিক ভূমিকা।