মিক্সড মার্শাল আর্টের দুনিয়ায় ভারতের নয়া বাজি ওয়াইস ইয়াকুব। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ছোট্ট গ্রাম মুররান থেকে উঠে এসে সম্প্রতি ব্রেভ সিএফ ১০৭-এ তিনি হারিয়েছেন বুলগেরিয়ার ডেলিয়ান জর্জিয়েভকে। যিনি ইউএফসি-র অপরাজিত চ্যাম্পিয়ন ইলিয়া টোপুরিয়ার নিয়মিত ট্রেনিং পার্টনার। এই সাফল্যের পরই ভারতীয় এমএমএ-র অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে উঠে এসেছে ইয়াকুবের নাম। এ বার ইউএফসি-তে লড়ে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করাই লক্ষ্য তাঁর।
১৯৯৮ সালে জন্ম নেওয়া ইয়াকুবের কেরিয়ার শুরু ২০১২ সালে। প্রথমে হাতেখড়ি তায়কোয়ান্ডো আর কিকবক্সিংয়ে। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় এক ডজনেরও বেশি পদক জিতে নজর কেড়েছিলেন তিনি। পরে বিশ্বজুড়ে মিক্সড মার্শাল আর্টের জনপ্রিয়তা বাড়তে শুরু করলে সেই দিকেই ঝুঁকে পড়েন ইয়াকুব। আঘাত, ফিটনেস ও কৌশলের কঠিন পরীক্ষায় নিজেকে গড়ে তুলে আন্তর্জাতিক সার্কিটে লড়াইয়ের সিদ্ধান্ত নেন কাশ্মীরের এই তরুণ।
তবে সাফল্যের পথ মসৃণ ছিল না একেবারেই। ২০২৩ সালে নয়াদিল্লিতে ম্যাট্রিক্স ফাইট নাইট ১১-এ পেশাদার অভিষেকে তৃতীয় রাউন্ডে সাবমিশনে হেরে যেতে হয়েছিল তাঁকে। সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে নিজের গ্রাউন্ড গেম ও রেসলিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার দাগেস্তানে পাড়ি দেন ইয়াকুব। খবিব নুরমাগোমেদভ ও ইসলাম মাখাচেভদের মতো কিংবদন্তিদের ভূমিতে কঠোর অনুশীলনের ফল মিলতে দেরি হয়নি। দেশে-বিদেশে একের পর এক জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি।
রিংয়ের বাইরে ভবিষ্যতে প্রজন্মকে গড়ার প্রক্রিয়াতেও যথেষ্ট সক্রিয় ইয়াকুব। ২০১৫ সালে পুলওয়ামায় প্রতিষ্ঠা করেন লায়ন্স ডেন মার্শাল আর্টস অ্যাকাডেমি। ইতিমধ্যেই সেখানে ২০০-রও বেশি তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়েছেন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। ভবিষ্যতে এই অ্যাকাডেমি থেকেই ভারতের পরবর্তী প্রজন্মের এমএমএ যোদ্ধারা উঠে আসবেন বলে আশা তাঁর।
ব্রেভ কমব্যাট ফেডারেশনের মঞ্চে জয় তুলে নেওয়া জম্মু ও কাশ্মীরের প্রথম যোদ্ধা হিসেবেও ইতিহাস গড়েছেন ইয়াকুব। উন্নত রেসলিং দক্ষতার সঙ্গে আগ্রাসী স্ট্রাইকিং মিলিয়ে এখন প্রতিপক্ষকে দ্রুত শেষ করাই তাঁর কৌশল। সাম্প্রতিক পারফরম্যান্সে স্পষ্ট, ভারতীয় এমএমএ-র নতুন এই তারকার নজর এখন একটাই। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্থা ইউএফসি-র চুক্তি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের পতাকা ওড়ানো।