কলকাতা, সুদীপ্তা দাস, শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় পেল ভারতীয় দল । দুই টেস্ট সিরিজ ম্যাচের মধ্যে ১৫ আগাস্ট গলে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে শুভমন গিলরা। আর সেই টেস্ট ম্যাচেই ১৬৫ রানে জয় পেল টিম ইন্ডিয়া । ম্যাচে দুরন্ত প্যারফোরম্যান্স মানব সুথারের । দুই ইনিংস মিলিয়ে একাই ১০ উইকেট নিলেন এই বাঁ হাতি স্পিনার । ম্যাচের সেরা দেবদত্ত পাড়িক্কল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া ।
বুধবার ছিল ম্যাচের পঞ্চম দিন। ভারতের বিরুদ্ধে টেস্ট জিততে লঙ্কানদের দরকার ছিল ৩৭২ রান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ । শ্রীলঙ্কার হয়ে একার লড়াই করেন সোনাল দিনুশা। কিছুটা লড়াই চালান ধনঞ্জয় ডি’সিলভাও । শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ২০৬ রানেই। যার ফলে ১৬৫ রানে জয় পায় গিলের দল । ম্যাচে মোড় ঘুরিয়ে দেন মানব সুথার । দ্বিতীয় ইনিংসে এক ওভারে তিন উইকেট নেন তিনি ।
প্রথম টেস্টে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬২ রান করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান দেবদত্ত পাড়িক্কল। ১৬৭ রান করেন তিনি । ৮২ রান করেন কে এল রাহুল । ৫১ রান করেন ধ্রুভ জুরেল । শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন প্রবাথ জয়সূর্য । জবাবে ব্যাট করতে নেমে ২৮৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ১৭৮ রানে লিড পায় গিলের দল । তবে দ্বিতীয় ইনিংসে রান গড়তে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া । দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস । ঋষভ পন্থ ছাড়া কেউ আর ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি । ৬৬ রান করেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে সেভাবে রান পাননি দেবদত্ত পাড়িক্কল। তিনি করেন ৪৪ । এবং ও কেএল রাহুল করেন ৩৫ রান। চতুর্থ দিনের শেষে ৩৭২ রানের বিরাট লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামে লঙ্কানরা । চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান ছিল শ্রীলঙ্কার । পঞ্চম দিনে মনে করা হয়েছিল তাড়াতাড়ি হয়ত গুটিয়ে যাবে শ্রীলঙ্কার ইনিংস। কিন্তু সোনাল দিনুশার সৌজন্যে ম্যাচ গড়ায় ল্যাঞ্চ অবধি। সোনাল দিনুশা প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ৮৪ রান করেন তিনি । দিনুশাকে আউট করেন মানব । এরপরই এক এক করে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা । ২০৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস । মানব দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। আর আগের ইনিংসেও নিয়েছিল ৪ উইকেট। দুই ইনিংস মিলে ১০ উইকেট নেন তিনি । এছাড়াও এই ইনিংসে ২টো উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ । একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।
এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল শুভমন গিলের দল । ২৩ আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচে নামবে টিম ইন্ডিয়া । তবে তার আগে একটা চিন্তা মাথা ব্যথা হতে পারে ভারতীয় দলের । আর তা হল যশস্বী জয়সওয়ালের ফর্ম । প্রথম ইনিংসে ৩২ রানের পর, দ্বিতীয় ইনিংসে শূন্য রান করেন তিনি ।