JAZZBAAT 24 বাংলা ডেস্ক: বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। জানা গিয়েছে, মৃত মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে মৃতের পরিবার। যদিও পুলিশ সূত্রে খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলমাল ও হাতাহাতির জেরেই এই ঘটনা। ইতিমধ্যে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিহত বাপি প্রামাণিক বরাবরই সক্রিয় বিজেপি কর্মী। রবিবার রাতে একটি বৈঠক করেছিলেন এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ, ওই বৈঠক থেকে ফেরার সময়ই বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। সেই সময় বাপি প্রামাণিক ঘটনাস্থলে ছিলেন না। পরে একটি ফোন পেয়ে বিষয়টি জানতে পেরেই বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।
পরিবারের অভিযোগ, রাস্তায় বেরোনোর পরই বাপির উপর হামলা চালানো হয়। প্রথমে তাঁকে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করারও অভিযোগ উঠেছে। স্ত্রীর সামনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বাপি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের আরও দাবি, দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন বাপি। রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি বাড়িতে ফিরেছিলেন। তাঁর মৃত্যু ঘিরে ফের এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাপির ছেলে জানান, 'রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁর বাবার কাছে একটি ফোন আসে। এরপর বাবা-মা দু’জনেই বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের কাছে ঘটনার খবর পৌঁছয়।
ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর। তাঁর অভিযোগ, এলাকায় বিজেপি কর্মীদের উপর আগে থেকেই অত্যাচারের ঘটনা ঘটছিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণেই পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি তাঁর। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।